সিনেমার জগতে মিঠুন চক্রবর্তী এখনো প্রাসঙ্গিক নাম। টালিগঞ্জ ও বলিউড উভয় ইন্ডাস্ট্রিতে সমানতালে অভিনয় করছেন তিনি। সিনেমার বাইরে আছে রাজনীতি ও ব্যবসা। কিন্তু একটা সময় সিনেমা দিয়েই পরিচিতি পেয়েছিলেন মিঠুন। কেন্দ্রীয় চরিত্রে তার অভিষেক হয়েছিল মৃণাল সেনের ‘মৃগয়া’ দিয়ে। এরপর তিনি হয়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। মিঠুনকে ডিস্কো ডান্সার নামেই চেনেন বলিউডের দর্শকরা। আশির দশকে এ গান ও নাচের মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু প্রথম জীবনে নিজের গায়ের রঙ নিয়ে আত্মবিশ্বাসহীনতায় ভুগতেন মিঠুন।
মিঠুনের সঙ্গে প্রথম সারির অভিনেতারা কাজ করতে চাইতেন না। এর কারণ তার গায়ের রঙ। তখনো বলিউডের রীতি ছিল সাদা চামড়ার কদর। মিঠুন নিজেই জানিয়েছেন, এ সমস্যা পার করতেই তিনি নিজের আলাদা ডান্স স্টেপ তৈরি করেছিলেন। এর মধ্যেই জিনাত আমান তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। জিনাতই প্রথম বলেছিলেন মিঠুনকে অসাধারণ দেখায়। রেডিও নাশার সঙ্গে এক সাক্ষাৎকারে মিঠুন বলেন, ‘আমাকে দেখে এখন হয়তো অনেকে মনে করে অভিনেতা হওয়া সহজ। একজন গ্রামের বা বস্তির লোকও বিশ্বাস করে তার ছেলে অভিনেতা হতে পারবে, নায়ক হতে পারবে। কারণ আমি সাধারণ মানুষের নায়কে পরিণত হয়েছিলাম। সাধারণ মানুষের সুপারস্টার হওয়া একটা বড় ব্যাপার ছিল আমার জন্য।’
গায়ের রঙের জন্য নানাভাবে বিপদে পড়েছিলেন। তাই তিনি নাচের দিকে মন দেন। মিঠুন বলেন, ‘আমি ভেবেছিলাম, নাচে যদি আমি মন দিই লোকে আমার গায়ের দিকে নজর দেবে না। কেননা কেউ কালো রঙের নায়কের কথা ভাবেনি। আমার মাঝে মাঝে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করত।’ এ প্রসঙ্গেই জানান, বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে জিনাত আমান প্রথম তার সঙ্গে অভিনয় করতে রাজি হন। মিঠুন বলেন, ‘আমার সঙ্গে কেউ অভিনয় করতে চায়নি, কারণ আমি নায়ক হিসেবে গ্রহণযোগ্য নই। আমার সঙ্গে অভিনয় করলে তাদের নাম হবে না। তখন জিনাত আমানই এগিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন, “সে (মিঠুন) খুবই ভালো অভিনেতা। তাকে দেখতে অসাধারণ।’’ তারপর আর আমাকে থামতে হয়নি।’
সাম্প্রতিক সময়ে মিঠুন চক্রবর্তী নানা কারণে বিতর্ক সৃষ্টি করেছেন। রাজনৈতিক পছন্দ কিংবা ব্যক্তিগত মত অনেক ক্ষেত্রেই সমালোচনা তৈরি করছে। কিন্তু অভিনেতা মিঠুন ভারতের সিনেমায় একটি ধারা তৈরি করেছিলেন, তাতে সন্দেহ নেই। এ কারণে এখনো বিবেক অগ্নিহোত্রীর সিনেমায় তিনি অভিনয় করলেও দেবের সঙ্গে প্রজাপতি সিনেমায় অভিনয় করে প্রশংসা পান। কিংবা অভিনেতা হিসেবে এখনো তার এগিয়ে চলা অনেক তরুণকে পথ দেখায়।
সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










