নন্দিত অভিনেতা আফজাল হোসেন বর্তমানে খুব বেশি অভিনয় না করলেও প্রতি বছর ঈদেই ছোটকাকু সিরিজ নিয়ে হাজির হন তিনি। বেশ কয়েক বছর ধরে ঈদের জন্য ছোটকাকু সিরিজের নাটক পরিচালনার ভার রয়েছে তার ওপর। সিরিজটির নাম ভূমিকায়ও থাকেন জনপ্রিয় এ অভিনেতা। এ ঈদেও গুণী এ নির্মাতার ছোটকাকু থাকছে। এ সিরিজের কাজ শুরু হয়েছে গত সোমবার। এমনটিই জানালেন সিরিজের পরিচালক আফজাল হোসেন। এবার সাত পর্বের সিরিজটির নাম রাখা হয়েছে ‘পাবনার ভাবনা’। আফজাল হোসেন বলেন, ‘প্রত্যেক বার আলাদা গল্প নিয়ে নাটক পরিচালনা করি। এবারো নতুন একটি গল্প বেছে নিয়েছি। এবারের গল্প আরো ভিন্ন ও সুন্দর। এ সিরিজের প্রতি দর্শকের প্রত্যাশা রয়েছে, বিশেষ করে ঈদের সময় দর্শকরা ছোটকাকু সিরিজের জন্য অপেক্ষা করেন। আমিও চেষ্টা করি ভালো একটি নাটক নির্মাণের জন্য।’
তিনি জানান, ‘পাবনার ভাবনা’ নাটকে অভিনয় করছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, সমু চৌধুরীসহ অনেকে। আর রাজধানীর অদূরে এ নাটকের শুটিং চলবে টানা বেশ কয়েক দিন। ঈদে নাটকটি প্রচার হবে চ্যানেল আইতে। অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী, বিজ্ঞাপন নির্মাতা এমন একাধিক পরিচয়ে পরিচিত আফজাল হোসেন। তার অভিনীত ‘দুই জীবন’, ‘নতুন বউ’, ‘পালাবি কোথায়’, ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাগুলো দর্শকের ভালোবাসা পেয়েছিল। গত বছর জনপ্রিয় তিনটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ‘কারাগার পার্ট টু’-এ দেখা গেছে দর্শকপ্রিয় এ অভিনেতাকে। অন্যদিকে আফজাল হোসেন গত বছর শেষ করেছেন ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমার কাজ। এতে অভিনয় করেছেন ফেরদৌস, সোহানা সাবাসহ আরো অনেকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনকাহিনী নিয়ে লেখা আনজীর লিটনের কিশোর উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে মানিকের লাল কাঁকড়া। সিনেমাটি পরিচালনা করেছেন আফজাল হোসেন। এটি এখনো মুক্তির অপেক্ষায়।










