অভিনেত্রী কেট ব্ল্যানচেটের মেলবোর্নের বাড়ি নিলামে উঠছে। কেট তার স্থাবর সম্পদের পরিমাণ কমাতে চাইছেন। সে ইচ্ছা থেকেই নিলামে তুলছেন মেলবোর্নের বাড়ি। ধারণা করা হচ্ছে, এর দাম উঠতে পারে ১৫ লাখ ডলার।

ব্ল্যানচেটের বাড়িটি প্রাহরানে অবস্থিত। বাড়িটি তিনটি বেডরুম ও দুটো বাথরুম নিয়ে গঠিত। আগামী ৯ মার্চ এর নিলাম হবে। প্রাথমিকভাবে এর সম্ভাব্য মূল্য ১৪ লাখের মতো ধরা হয়েছে। কেট ও তার স্বামী অ্যান্ড্রু আপটন ২০০৬ সালের দিকে বাড়িটি কিনেছিলেন।

কেটের বাড়িটি সমকালীন ধারার অন্তরসজ্জার একটি সুন্দর উদাহরণ। বাড়ির সঙ্গে আছে একটি বিশাল বাগান আর বাগানের দৃশ্য দেখার জন্য বাড়িতে বসানো হয়েছে মেঝে থেকে সিলিং পর্যন্ত বিশাল জানালা। বাড়ির ভেতরে এক দিকের দেয়াল সাদা, অন্যদিকে ধূসর। সাদা দেয়ালটি ঘরকে ফাঁকা ও তুলনামূলক বড় দেখায়। সামনের দরজার একদিক গাঢ় ধূসর, অন্যদিক ভিন্ন রঙের।

বাড়িটি দোতলা। এর নিচের দিকে বড় আকারের ফাঁকা হলঘর রাখা হয়েছে। কিন্তু হল থেকে ওপরে যাওয়ার জন্য আছে পথ। এছাড়া বাইরে লনে বেরোনোর জন্যও আছে কয়েকটি দরজা। ওপরে দুটো শোয়ার ঘর একদমই আলাদাভাবে সাজানো। এর বাইরে আছে একটি লাউঞ্জ ও একটি অফিস স্পেস। বাড়িটিকে সুন্দর করা ও আলাদা মাত্রা দেয়ার জন্য তৈরি হয়েছে কাঠের তৈরি একটি ছাদের ঘর।

মূল শহর থেকে খানিকটা দূরে বানানো ঘরের সঙ্গে আছে একটি আউটডোর ডেক, বাড়ির নিজস্ব বাগান ও অফ-স্ট্রিট পার্কিং। শহরতলির বাইরে এ ধরনের বিলাসী বাড়ি অনেকেই তৈরি করে। ব্ল্যানচেটের বাড়িটি শহরতলির বিলাসবহুল বাড়ির একটি আদর্শ উদাহরণ।

ব্ল্যানচেটের সিনেমার ক্যারিয়ার সফল। এর বাইরেও নানা সামাজিক ও দাতব্য কাজে যুক্ত এ অভিনেত্রী। প্রিন্স উইলিয়ামের আর্থশট প্রাইজের তিনি একজন কাউন্সিল সদস্য। 

সব মিলিয়ে কেট ব্ল্যানচেট তাই মেলবোর্ন থেকে যুক্তরাজ্যেই বেশি বসবাস করেন। সেখানেই নিজের একটি বাড়ি কিনেছেন। মজার ব্যাপার তার যুক্তরাজ্যের বাড়িটির ভূতপূর্ব মালিক শার্লক হোমসের লেখক স্যার আর্থার কোনান ডয়েল।

সূত্র: ইয়ন