দেশে যাত্রা করল প্লাটফর্মস। বাংলাদেশের শিল্পজগৎকে তুলে ধরার লক্ষ্যে এ প্লাটফর্ম কাজ করছে। দেশের শিল্পজগতে এরই মধ্যে নজর কেড়েছে এ উদ্যোগ। 

শুক্রবার গুলশান তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকিতে ভিন্ন ধারার প্লাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানটি ছিল একটি ভিন্ন ধারার আয়োজন। এ অনুষ্ঠানে ছিল একটি প্রদর্শনী, যাতে বাংলাদেশের বৈচিত্র্যময় ও প্রাণবন্ত শিল্পজগতের চিত্র প্রকাশ পেয়েছে। প্রদর্শনীতে ৫০টি শিল্পকর্ম স্থান পেয়েছিল। শিল্প প্রদর্শনীর পাশাপাশি একটি যন্ত্রসংগীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। 

এ আয়োজনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, চিত্রশিল্পী মোহাম্মদ ইউনুসসহ আরো অনেকেই। এছাড়া চলচ্চিত্র ও বিভিন্ন অঙ্গনের তারকারা প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন। 

প্লাটফর্মস এমন একটি ওয়েবসাইট, যেখানে দেশের চিত্রশিল্পীরা তাদের শিল্পকর্মগুলো প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। দেশ ও দেশের বাইরের শিল্পপ্রেমীরা চাইলেই খুব সহজে প্লাটফর্মস ওয়েবসাইট থেকে তাদের পছন্দের শিল্পকর্মটি কিনতে পারবেন। প্রাথমিক অবস্থায় প্রখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনসহ অন্তত ২৫ জন শিল্পীর শিল্পকর্ম ওয়েবসাইটে স্থান পেয়েছে। এটি প্রতিনিয়তই বাড়তে থাকবে বলে আশা করছে প্লাটফর্মস কর্তৃপক্ষ।  

প্লাটফর্মসের প্রতিষ্ঠাতা রায়ানা হোসেন তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‌‘প্লাটফর্মস আমাদের অনেক কষ্টের ফসল। বাংলাদেশের শিল্পীদের কমিউনিটির জন্য এটি নিবেদিত। এর উদ্বোধন বাংলাদেশের শিল্পজগতের জন্য এক নতুন যুগের সূচনা করেছে। শিল্পীদের নিজেদের প্রতিভার প্রকাশ ও বিশ্বের সঙ্গে তা শেয়ার করার মতো একটি প্লাটফর্ম সৃষ্টি করা নিয়ে আমরা কাজ করছি। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশের সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতি জগতের একটি বাস্তব প্রতিফলন।’ 

এ আয়োজনে দেশের প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি ছিল সুমন ওয়াহিদ, সুলেখা চৌধুরী ও সোমা সুরভী জান্নাতের মতো উদীয়মান শিল্পীদের শিল্পকর্ম। উদ্যোক্তাদের কথায়, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা প্রকাশের মাধ্যমে বাংলাদেশের শিল্পজগৎকে সমৃদ্ধ করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে প্লাটফর্মস।