এপ্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা পার্থ শেখ ও অভিনেত্রী মারিয়া শান্ত। এ দুই অভিনয়শিল্পীকে নিয়ে ‘দুজন দুজনার’ নামে নতুন একটি নাটক নির্মাণ করেছেন নির্মাতা আনিসুর রহমান রাজীব। এরই মধ্যে এ নির্মাতা দেড় শতাধিক নাটক নির্মাণ করেছেন। তার বহু নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। এ নাটকের গল্প ভাবনাও পরিচালক আনিসুর রহমান রাজীবের। তিনি জানালেন, গল্পটির লাইনআপ দাঁড় করিয়েছেন তারই সহকারী রাহাত রনি। এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো নাটকে একসঙ্গে অভিনয় করেছেন পার্থ ও শান্ত। নাটকের গল্প প্রসঙ্গে রাজীব বলেন, ‘পারিবারিকভাবে বিয়ে হয় দুটি ছেলেমেয়ের। কিন্তু দুজনেরই আলাদা অতীত রয়েছে, যা নিয়ে সংসার জীবনে নানা ধরনের ঝামেলা লেগেই থাকে। কিন্তু একটা সময় এসে দুজনেরই উপলব্ধি হয় যে মানুষের জীবনে অতীত থাকতেই পারে। কিন্তু বিয়ের পর সংসারটাই আসল। সংসার জীবনের সুখই দাম্পত্য জীবনের প্রকৃত সুখ।’ এতে অভিনয় প্রসঙ্গে পার্থ শেখ বলেন, ‘শান্তর সঙ্গে এর আগেও তিনটি নাটকে কাজ করেছি। এ নিয়ে আমাদের চতুর্থ কাজ হলো। গল্পটা সুন্দর। যে কারণে কাজটা করেও ভালো লেগেছে। শান্ত ভীষণ শ্রম দিয়ে, মন দিয়ে অভিনয় করে। শান্ত তার অভিনয়ের ক্ষেত্রে এ ধারাবাহিকতা বজায় রাখলে আগামীতে সে আরো অনেক ভালো করবে। রাজীব ভাইকে ধন্যবাদ সুন্দর একটি গল্প নির্বাচনের জন্য এবং যত্ন নিয়ে নাটকটি নির্মাণের জন্য।’
মারিয়া শান্ত বলেন, ‘সবার আগে যেটা বলতে চাই, তা হলো পার্থ ভীষণ ভালো মনের একজন মানুষ। নাটকে একসঙ্গে অভিনয় করার আগে থেকেই তার সঙ্গে আমার পরিচয়। এর আগেও আমাদের দুজনের একসঙ্গে কাজের জন্য ভালো রেসপন্স পেয়েছি। আশা করছি, নাটকটি প্রচারে এলে দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাব। কারণ সব মিলিয়ে রাজীব ভাই বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন।’ নাটকটি শিগগিরই প্রচারে আসবে। পার্থ শেখ ও মারিয়া শান্ত এর আগে ‘পরাণের বায়োস্কাপ’, ‘পিরিতের আধখান’ ও ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’। তিনটি নাটকে অভিনয়ের জন্যই দুজন বেশ প্রশংসিত হয়েছেন এবং সাড়াও পেয়েছেন।










