বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের পরপর দুটি সিনেমা সফল হয়েছে। ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ এবং ‘ক্রু’-এর মতো দুই হিট সিনেমা উপহার দিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন তিনি। হাতে আছে নিজের প্রযোজনায় ‘দো পাত্তি’। তবে যে সিনেমার জন্য মনে মনে তিনি নিজেও অপেক্ষায় আছেন, সেটা সহসাই হচ্ছে না!

ভারতের কালজয়ী অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিকে অভিনয় করবেন তিনি, যেটার মাধ্যমে প্রথমবার পরিচালনায় নামতে চলেছেন খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। গত বছরই সিনেমাটির শুটিং হওয়ার কথা ছিল। প্রস্তুতি না থাকায় শিডিউল পেছানো হয়। এ বছরও হচ্ছে না শুটিং। ফের শিডিউল পিছিয়ে ২০২৫ সালের শুরুতে নেয়া হয়েছে।

জানা গেছে, মণীশ মালহোত্রা সিনেমার চিত্রনাট্য নিয়ে আরো কাটছাঁট করছেন। তিনি চাইছেন, ‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারীর জীবন ও কর্ম যেন নিখুঁতভাবে উঠে আসে পর্দায়। পরিচালক হিসেবে তার প্রথম সিনেমাতেই কিংবদন্তি নায়িকার জীবনকাহিনী পর্দায় তুলে ধরবেন তিনি।

কিন্তু নির্মাতার কিছু ব্যক্তিগত অসুবিধার জন্য এ শুটিং পিছিয়ে যায়। ২০২৪ সালের শেষের দিকে পুনরায় শুটিং শুরু হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কলাকুশলীরা। তবে আবারো পিছিয়ে গেল শুটিং। আর অপেক্ষা আরো বাড়ল কৃতি স্যাননের। সিনেমাটি ঘিরে ব্যাপক উন্মাদনায় মজে রয়েছেন অভিনেত্রী।

বলা যায়, এটি তার স্বপ্নের সিনেমা। আর স্বপ্ন পূরণে অভিনেত্রীর যাত্রা আরো কিছুটা দীর্ঘতরই হলো!