নেটফ্লিক্সে কিছুদিন পরই স্ট্রিম হতে যাচ্ছে জয়া আখতারের ‘দি আর্চিজ’। কমিক থেকে লাইভ অ্যাকশন নির্মাণ করছেন তিনি। এর মধ্য দিয়েই অভিষেক হচ্ছে শাহরুখ-গৌরিকন্যা সুহানা খান, শ্রীদেবী-বনি কাপুরকন্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দর। শুরু থেকেই দি আর্চিজ নিয়ে নানা কথা হয়েছিল। বিশেষত নেপোটিজম নিয়ে। এর নানা জবাব দিয়েছেন জয়া আখতার। তার মূল কথা ছিল যাকে দিয়ে অভিনয় ভালো হবে, তিনি তাকে নিয়েই কাজ করবেন। এক্ষেত্রেও দর্শক ও নিন্দুকের কথা ছিল, ‘এরা তো অভিনয়ের কিছুই জানে না!’ জয়া জানাচ্ছেন, তিনি এ নবাগত অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে রীতিমতো কর্মশালা করে তাদের অভিনয় শিখিয়েছেন।
সম্প্রতি ভোগ ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেছেন জয়া। তিনি বলেন, ‘মূল চ্যালেঞ্জটি ছিল এরা একদমই নতুন। তাই ওদের নিয়ে আলাদা করে বুট ক্যাম্প করতে হয়েছিল। তাদের তৈরি করা প্রয়োজন ছিল। এর মধ্যে একটা কারণ হলো, তাদের বোঝাতে হবে, আপনার লেখা চরিত্রটিকে কীভাবে তাদের মধ্যে চান।’ সাধারণত নতুন অভিনয় করতে আসা তরুণরা নিজেদের জায়গাটি বুঝতে পারে না। তাদের সহজ করে নিতে হবে। জয়া বলেন, ‘সেটে হয়তো ২০০ মানুষ থাকে। তাদের মধ্য থেকে চরিত্রটিতে ঢোকার জন্য অভিনেতাকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়। নতুনদের সে সুযোগ করে দিতে হবে। পরিস্থিতি তৈরি করতে হবে।’
জয়া তার আসন্ন এ সিনেমা নির্মাণ করেছেন একটি পশ্চিমা কমিক থেকে। সেটিকে ভারতের পটভূমিতে পরিবর্তন করতে হয়েছে। এরপর তার চ্যালেঞ্জ ছিল সাতজন নতুন অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে। এদের সবারই অভিষেক হচ্ছে দ্য আর্চিজের মধ্য দিয়ে। সুহানা, খুশি ও অগস্ত্য ছাড়া সিনেমায় আরো আছেন মিহির আহুজা, বেদাঙ্গ রায়না, অদিতি সায়গল ও যুবরাজ মেদা। এদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে জয়ার মূল মন্ত্র ছিল ‘নতুনদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা।’ জয়ার বক্তব্য হলো, কাজটা সে করতে পারবে, নতুনদের মধ্যে এ বোধ তৈরি করলেই তারা সাবলীলভাবে অভিনয় করতে পারে।
ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেই কাজটি করে নিতে হয়। জয়া বলেন, ‘ওরা তখনই নার্ভাস হয় না, যখন কাজে আসার আগে পুরোপুরি প্রস্তুত হয়ে আসে। সেজন্য একটা বুট ক্যাম্প আয়োজন করেছিলাম। সেখানে ওদের নাচের ক্লাস, অভিনয়ের ওপর ওয়ার্কশপের পাশাপাশি সিনেমাটোগ্রাফির ওপরও প্রশিক্ষণ দেয়া হয়েছে। কারণ অভিনয় করতে গেলে টেকনিক্যাল জ্ঞানও থাকা দরকার। দীর্ঘ সময় ওরা প্রশিক্ষণের মধ্য দিয়ে গেছে।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










