এবারের ঈদে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। সব মিলিয়ে বেশ জমে উঠেছে ঢাকাই সিনেমার ঈদের বাজার। আদর আজাদ ও বুবলী অভিনীত ‘লোকাল’ সিনেমাটি বেশ প্রশংসা পাচ্ছে। ঈদের দিন থেকেই সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে বেশ দাপট দেখাচ্ছে সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি।
সিনেমার সাফল্য নিয়ে আদর আজাদ বলেন, ‘মুক্তির পর দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। এর আগে ট্রেলার দেখে সবাই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। গানও দর্শক-সমালোচকদের নজর কেড়েছে। আমরা চেষ্টা করেছি, দর্শক চাহিদা অনুযায়ী ভালো গল্পের একটি সিনেমা উপহার দেয়ার। আশা করছি আরো দর্শক সিনেমাটি দেখতে আসবেন।’
ঈদের বাজারে ঢাকাই সিনেমায় নতুন ধারা নিয়ে এসেছে লোকাল। বড় বাজেট বা কাস্টিং না থাকলেও সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ শুরু থেকেই দেখা যাচ্ছিল। বিশেষত ট্রেলার প্রকাশের পর দর্শক সিনেমাটি নিয়ে আগ্রহী হয়। মুক্তির পর হলে দর্শক আগমনেও এর প্রমাণ দেখা গেল।
সিনেমাটির পরিচালক সাইফ চন্দনও দর্শক আগমন নিয়ে সন্তুষ্ট। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘লোকাল নিয়ে দর্শকদের আগ্রহে আমরা মুগ্ধ। সিনেমাটি হল কম পেয়েছে, প্রচারণার সময়ও তেমন পায়নি। প্রপার প্রচারণা করতে পারলে এটি ‘‘পরাণ’’-এর মতো হিট হওয়ার সুযোগ ছিল। তার পরও বলা যায় না, যে আগ্রহ দেখছি আগামী সপ্তাহ থেকে লোকাল পরাণের মতো লেগে যেতে পারে।’
এ সিনেমার কাহিনী ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। এতে আদর-বুবলীর সঙ্গে আরো আছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস।










