এ প্রজন্মের দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তানিয়া বৃষ্টি। শুধু প্রেমের গল্পের নাটকে অভিনয় নয়, ভিন্ন ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে তানিয়া বৃষ্টি প্রশংসিত হয়েছেন। তার নতুন নাটক জয়িতার দিনরাত্রিতেও এ ধারা বজায় রেখেছে। তুহিন হোসেন পরিচালিত ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে তানিয়া বৃষ্টি নাম ভূমিকায় অভিনয় করেছেন। এ নাটকেও তিনি অনবদ্য। শহুরে জীবনের সাধারণ একটি গল্প নিয়ে নির্মিত নাটকটি। কিন্তু গল্পটাই বৃষ্টির অভিনয়ের কারণে দর্শকের কাছে ভীষণ সমাদৃত হয়েছে।

নাটকের গল্পে দেখা যায় জয়িতা একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। খুব সাধারণ জীবনযাপন তার। কিন্তু একদিন ঘটনাক্রমে তার জীবন বেপরোয়া হয়ে ওঠে। তার এ বেপরোয়া জীবনের কারণে একসময় সে তার বাবা-মাকে হারায়। হারায় তার জীবনের সব স্বপ্ন-আশা-ভালোবাসা। সাধারণ জয়িতা থেকে বেপরোয়া জয়িতা হয়ে ওঠা, জীবনের এ বদলকে তানিয়া বৃষ্টি তার অভিনয় দিয়ে তা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এনটিভির ইউটিউব চ্যানেলে ৪ আগস্ট প্রকাশিত নাটকটি এরই মধ্যে ৩৩ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

নাটকটি নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘সম্প্রতি আমি যত নাটকে অভিনয় করেছি, তার মধ্যে এ নাটক নিয়ে আমার প্রত্যাশা ছিল অনেক বেশি। তুহিন ভাই এত চমৎকার একজন পরিচালক আর এত যত্ন নিয়ে ধীর ধীরে তিনি কাজ করেন যে নাটকের প্রতিটি চরিত্রই হয়ে ওঠে অনেক বেশি প্রাণবন্ত। আমার চরিত্রটিও ঠিক তাই। নাটকটি প্রচারের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। দর্শকের ভালোবাসায় মুগ্ধ আমি। আন্তরিক কৃতজ্ঞতা তুহিন ভাইয়ের প্রতি। সেই সঙ্গে নাটকটির নাট্যকারের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা এত চমৎকার একটি গল্পের জন্য।’