ভারতীয় ওটিটির অন্যতম সফল সিরিজ ‘জুবিলি’। ভারতীয় সিনেমার ত্রিশ ও চল্লিশের দশকের গল্প নিয়ে নির্মাণ হয়েছিল এটি। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত জুবিলি স্ট্রিম হয়েছে প্রাইমে। এতে নিলোফার চরিত্রে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি। এ চরিত্র করে তিনি প্রশংসা পেয়েছেন। কিন্তু মজার ব্যাপার, চরিত্রটির জন্য ওয়ামিকাকে শুরুতে নেয়া হয়নি। তিনি বাদ পড়েছিলেন অডিশনে। এরপর অনেকটা নাটকীয়ভাবেই সিরিজে যুক্ত হন।

সিরিজের নানা চরিত্রের জন্য লুক টেস্ট নিয়েছিলেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। টেস্টের সময় গাব্বি এতটাই নার্ভাস ছিলেন যে বিক্রমাদিত্য তাকে বাদ দেন। কেননা নিলোফারের চরিত্রটি ছিল খুবই আত্মবিশ্বাসী। কিন্তু এরপর ইনস্টাগ্রামে ওয়ামিকার শেয়ার করা রিল দেখে বিক্রমাদিত্য তাকে সিরিজে কাস্ট করেন। ফিল্ম করপোরেশনের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা জানান ওয়ামিকা।

সাক্ষাৎকারে ওয়ামিকা বলেন, ‘সিরিজের জন্য আমি একটা অডিশন দিয়েছিলাম। সেটা বেশ ভালো হয়েছিল। কিন্তু অতিমারীর আগের সময়টায় আমার একটা সমস্যা ছিল। ছবি তুলতে খুব একটা আত্মবিশ্বাস পেতাম না। আমি জুবিলির মতো একটা বড় কাজের জন্য গেলাম। বিক্রমাদিত্য স্যার ছবি তুলছিলেন। আমার দিকে তাকিয়েই তিনি বুঝতে পারেন আমি বেমানানভাবে তাকাচ্ছি। অডিশন ভালো হওয়ার পরও আমি বাদ পড়ে যাই।’

বিষয়টি নিয়ে ওয়ামিকার মধ্যে এক ধরনের খুঁতখুঁতানি কাজ করেছে। এ কারণে তিনি কভিড-১৯-এর লকডাউনের সময় নিজের ছবি তুলতে শুরু করেন। এর সঙ্গে তৈরি করতেন রিল। সেখানে রাখি সাওয়ান্তের কণ্ঠের সঙ্গে ঠোঁট মেলাতেন। ইনস্টাগ্রামে এটা খুবই প্রচলিত একটি ট্রেন্ড। সে রিল দেখেই বিক্রমাদিত্য ওয়ামিকাকে কাস্ট করেন।

ওয়ামিকা বলেন, ‘প্রথমবার যখন বিক্রমাদিত্য স্যারের সঙ্গে দেখা হয় তখন আমি খুব শান্তশিষ্ট ছিলাম। কিন্তু নিলোফারের চরিত্রটি ছিল একটি চঞ্চল মেয়ের। রিলগুলো দেখে তিনি মনে করেছিলেন আমার মধ্যে সে সম্ভাবনা আছে। এর পরই আমাকে কাস্ট করেন।’

ওয়ামিকা গাব্বি সর্বশেষ অভিনয় করেছেন বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’য়। তাকে তামিল, তেলেগু ও মালয়ালম সিনেমায়ও দেখা গেছে। অষ্টম শ্রেণীতে পড়ার সময় ওয়ামিকার ক্যারিয়ার শুরু হয়। ইমতিয়াজ আলী পরিচালিত ‘জাব উই মেট’ সিনেমায় তিনি কারিনা কাপুরের কাজিনের চরিত্রে অভিনয় করেছিলেন।


সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস