লম্বা সময় পর পর্দায় ফিরছেন আফসান আরা বিন্দু। ওয়েব ফিল্মের মধ্য দিয়ে ফিরছেন এ অভিনেত্রী। মিজানুর রহমান পরিচালিত ওয়েব ফিল্ম ‘উনিশ২০’-এর মধ্য দিয়ে আবারো দেখা যাবে জনপ্রিয় এ অভিনেত্রীকে। এ ওয়েব ফিল্মের মাধ্যমে অনেকদিন পর জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু। আজ রাত ৮টায় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে এটি।
আরিফিন শুভ রোমান্টিক ঘরানার ওয়েব ফিল্মটি নিয়ে বলেন, ‘এখন কোনো কিছুই বলতে চাই না। আজ যখন মানুষ দেখা শুরু করবে, তারা কী বলবে তা জানার অপেক্ষায়। এটা নিয়ে প্রত্যাশা তো আছেই। আপাতত চাই মানুষ ওয়েব ফিল্মটি দেখুক। সুন্দর কিছু গান, কিছু ভালোবাসার মুহূর্ত, মন ভালো, মন খারাপ, দর্শকের অনুভূতি কী, সব জানার জন্য মুখিয়ে আছি।’
অন্যদিকে ওয়েব ফিল্মটি নিয়ে এখনই কিছু বলতে চান না বিন্দু। খুব করে অপেক্ষায় আছেন ১৩ ফেব্রুয়ারি রাত ৮টার। তবে তিনি বেশ নার্ভাস বটে। সিনেমা মুক্তির পর সব প্রশ্নের উত্তর দেবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘আমাদের দেশে ফিল্ম নির্মাণ খুব সহজ কাজ নয়। অসংখ্য প্রতিকূলতার মধ্যে দিয়ে একটা ফিল্ম বানাতে হয়। কিন্তু সেসব প্রতিকূলতা, কঠিন অভিজ্ঞতা সবই মধুর হয় যখন দর্শকের ভালো লাগে।’
সিনেমার অভিনয়শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন তা জানিয়ে পরিচালক আরো বলেন, ‘ভালো লেগেছে। স্ক্রিপ্ট রিডিং, ওয়ার্কশপ থেকে শুরু করে শুটিংয়ের শেষ দিন পর্যন্ত তারা সবাই বেশ আন্তরিক ছিলেন। আমাদের জীবনে অসংখ্য ক্রাইসিস, আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে উনিশ২০ একটা মন ভালো করা এবং হৃদয় ছুঁয়ে যাওয়া সিনেমা হয়ে উঠুক এটাই আমার প্রত্যাশা। দর্শকের যদি ভালো লাগে, তাহলে সে যেন তার বন্ধু-পরিবার সবাইকে নিয়ে আবার উনিশ২০ দেখে এবং অন্যদেরও দেখতে উৎসাহিত করে।’
ওয়েব ফিল্মটির বিশেষ চরিত্রে দেখা যাবে ইন্তখাব দিনার ও তানিয়া আহমেদকে। আরো আছেন হাসান মাসুদ, ওয়াহিদা মল্লিক জলি, জাহিদুল হক অপু, ডিকন নূর, সাবিহা জামান, ইরফান মৃধা শিবলু, তপন মজুমদার, এলিনা শাম্মি, আমিরুল ইসলাম, শর্মী আহমেদ, মুনমুন সিদ্দিকী, লিওনা লুভাইনা, সুস্মিতা সিনহা, এএম মজুমদার প্রমুখ।










