এইচবিও ম্যাক্সে প্রিমিয়ার হওয়ার পর কোনো ফিচার ফিল্মের জন্য এক সপ্তাহে সর্বোচ্চ ভিউ টাইম নিজের কবজায় নিয়েছে ওয়ান্ডার উইম্যান নাইন্টিন এইটিফোর। তবে কোনো ভিউয়ারের সংখ্যা প্রকাশ করা হয়নি।
তথ্য, ডাটা ও মার্কেট বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান নিয়েলসেন জানিয়েছে, স্ট্রিমিং সাইটে মুক্তি পাওয়ার পর পরই ছবিটি প্রচুর দর্শক টেনেছে। নিয়েলসেনের মতে তার স্ট্রিমিং সাইটের ভিউ নিয়ে কাজ শুরু করার পর ওয়ান্ডার উইম্যানই সবচেয়ে বড় হিট।
গত ২১ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে এইচবিও ম্যাক্স ব্যবহারকারীরা ২ দশমিক ২৫ বিলিয়ন মিনিট ব্যয় করেছেন ওয়ান্ডার উইম্যান নাইন্টিন এইটিফোর দেখতে। এ সময়টা বোঝা যাবে এভাবে, ১৫১ মিনিট দৈর্ঘ্যের একটি ছবি যদি ১ কোটি ৪৯ লাখবার পুরো সময় দেখা হয় তাহলে তা ২ দশমিক ২৫ বিলিয়ন মিনিট হবে। ছবিটি হলে মুক্তি পেয়েছিল গত ২৫ ডিসেম্বর।
নিয়েলসেনের রিপোর্টে এর আগে এক সপ্তাহে সর্বোচ্চ ভিউ টাইম ছিল ডিজনির সৌলের দখলে। ছবিটি ১ দশমিক ৬৭ বিলিয়ন মিনিট ভিউ হয়েছিল এক সপ্তাহে।
ওয়ান্ডার উইম্যান নাইন্টিন এইটিফোর মুক্তির পরই এইচবিও ম্যাক্স জানিয়েছিল যে প্রিমিয়ারের দিনই তাদের প্রায় অর্ধেক সাবস্ক্রাইবার ছবিটি দেখেছিলেন।
নিয়েলসেনের ক্লায়েন্টদের মধ্যে ওয়ার্নার ব্রস একটি। অবশ্য ওয়ার্নার ব্রসের স্ট্রিমিং সাইট এইচবিও ম্যাক্সের নিয়মিতভাবে র্যাংকিং করার দায়িত্ব এখনো নিয়েলসেন পায়নি।
এইচবিও ম্যাক্সের জেনারেল ম্যানেজার অ্যান্ডি ফোরসেল বলেছেন, ‘এইচবিও ম্যাক্সের ওপর ওয়ান্ডার উইম্যান নাইন্টিন এইটিফোরের প্রভাব সহজে বোঝা যাবে না। আমাদের আয় এবং নিয়েলসেন ডাটা দেখাচ্ছে এটা দর্শকদের জন্য ছিল বড় উপহার। তারা সময়মতোই এটা পেয়েছেন।
নিয়েলসেনের পাশাপাশি হলিউড রিসার্চ ফার্ম স্ক্রিন ইঞ্জিনও জানিয়েছেন, তাদের পর্যবেক্ষণের দেখা গেছে যে ২০২০ সালে প্রথম সপ্তাহের বিবেচনায় সবচেয়ে সফল ছবি ওয়ান্ডার উইম্যান নাইন্টিন এইটিফোর।
বর্তমানে এইচবিও ম্যাক্সের ১ কোটি ৭০ লাখ সক্রিয় সাবস্ক্রাইবার আছে।
সূত্র: হলিউড রিপোর্টার










