‘‌কুংফু পান্ডা থ্রি’ মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। তারপর প্রায় এক দশক অপেক্ষার পর পূর্ণ হলো ভক্তদের অপেক্ষার পালা। ৮ মার্চ মুক্তি পেল সিরিজের চতুর্থ সিনেমা কুংফু পান্ডা ফোর। আর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার প্রথম দিনই ১ কোটি ৩৮ লাখ ডলার তুলেছে ঝুলিতে। মনে করা হচ্ছে, প্রথম সপ্তাহেই সিনেমাটি দেশীয় বক্স অফিস থেকে তুলবে ৫ কোটি ৫০ লাখ ডলার। 

হলিউডের সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেশন সিনেমাগুলোর একটি কুংফু পান্ডা সিরিজ। মার্শাল আর্টস আর নিজের ভেতরের সম্ভাবনার আবিষ্কারকে কেন্দ্র করে আবর্তন হয় গল্প, সেখানে সবাইকে তাক লাগিয়ে দেয় সিরিজের প্রধান চরিত্রে থাকা এক পান্ডা। সিরিজের আগের তিনটি ছবির বড় সাফল্যের মধ্য দিয়ে চরিত্রটি জনপ্রিয় হয়ে ওঠে সব বয়সী মানুষের কাছে। স্বাভাবিকভাবেই পান্ডার লড়াই দেখতে উন্মুখ সারা বিশ্বের দর্শক। সিরিজের চতুর্থ ছবিটি নিয়ে ভক্ত-দর্শকের প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি। চ্যালেঞ্জটা মাথায় রেখেছেন পরিচালক মাইক মিশেল। তিনি জানান, নতুন ছবিকে আরো সমৃদ্ধ, মহাকাব্যিক, মজার করে তৈরির যাবতীয় চেষ্টা করেছেন। আগের ছবিতে পোকে দেখা যায় এমন এক যোদ্ধার ভূমিকায়, যে সবসময়ই নিজেকে আগের চেয়ে আরো উন্নত করার চেষ্টায় নিমগ্ন। এবারের গল্পে আত্মিক শান্তির খোঁজে পোকে দেখা যাবে নতুন অভিযানে বেরিয়ে পড়তে, তাকে সঙ্গ দেবে অকোয়াফিনা নামের নতুন এক চরিত্র।

কুংফু পান্ডার প্রথম সিনেমাটি বক্স অফিসে আয় করে ৬ কোটি ২০ লাখ ডলার। দ্বিতীয় ও তৃতীয় কিস্তিও ছিল বাণিজ্যিকভাবে সফল। ফলে নতুন কিস্তি নিয়েও প্রত্যাশা তুঙ্গে। সিনেমায় আগের শিল্পীদের মধ্যে রয়েছেন ডাস্টিন হফম্যান, জেমস হং, ব্রায়ান ক্র্যান্সটন, ইয়ান ম্যাকশেন। এছাড়া নতুন যুক্ত হয়েছেন ভায়োলা ড্যাভিস ও কে হুই কোয়ান। তবে সিনেমাটিকে প্রতিযোগিতা করতে হচ্ছে দেনির মহাকাব্যিক চলচ্চিত্র ‘‌ডুন টু’-এর সঙ্গে। বলতে গেলে বৈশ্বিক চলচ্চিত্র বাজারে বর্তমানে জয়গাথা চলছে দেনি ভিলেনোভের। প্রথম সপ্তাহে অভ্যন্তরীণভাবে ৮ কোটি ২৫ লাখ ডলার আয় করেছে সিনেমাটি। বৈশ্বিকভাবে ২০ কোটি ডলার ও কেবল উত্তর আমেরিকায় ১১ কোটি ডলার আয় হয়েছে। এদিকে অস্কারের আমেজও রয়েছে চারপাশে। ঘরোয়াভাবেই সিনেমা দেখার প্রস্তুতি নিচ্ছেন দর্শকরা। এত কিছুর পরও বক্স অফিসে কুংফু পান্ডার দাপট চোখে পড়ার মতো। 

সূত্র: হলিউড রিপোর্টার