ব্রাজিলে চলছে টেইলর সুইফটের ট্যুর। কিন্তু এর মধ্যেই রিও ডি জেনিরোয় ঘটে গেল একটা দুর্ঘটনা। প্রচণ্ড তাপে অসুস্থ হয়ে মারা গেছেন তার এক ভক্ত। এর জন্য শোক প্রকাশ করেছেন টেইলর। পাশাপাশি শো পিছিয়ে দিয়েছেন এ গায়িকা। শনিবার নিজের কনসার্টের তারিখ পেছান তিনি। এর আগে শুক্রবার রিওর তাপমাত্রা বেড়ে উঠেছিল ৫৯ ডিগ্রি সেলসিয়াসে (১৩৮ ফারেনহাইট)। এ সময় কনসার্টে আসা ২৩ বছর বয়সী এক ভক্ত তীব্র গরমের কারণে মারা যান। ওই কনসার্টে লোকসমাগম হয়েছিল ৬০ হাজারের বেশি। প্রকৃতি ও মানুষের শরীরের তাপ মিলিয়ে অবস্থা হয়ে উঠেছিল অসহনীয়।
শনিবার নিজের ইনস্টাগ্রামে টেইলর লেখেন, ‘আমি স্টেডিয়ামে আমার ড্রেসিং রুমে বসে এ পোস্ট লিখছি। প্রচণ্ড দাবদাহের কারণে আজ রাতের কনসার্ট পিছিয়ে দেয়া হচ্ছে। কেননা আমার ভক্ত, সহপারফরমার ও ক্রু মেম্বারদের নিরাপত্তার বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ পোস্টের পাশাপাশি জানানো হয়, শনিবার রাতের কনসার্ট পিছিয়ে আজ রাতে করা হবে।
এর আগে কনসার্টে আসা শ্রোতাদের টেইলর নিজে পানির বোতল সরবরাহ করেছেন। কখনো স্টেজ থেকেও ছুড়ে দিয়েছেন। এর মধ্যে একজন ভক্তের মৃত্যু তার ওপর বেশ প্রভাব ফেলেছে। তিনি লিখেছেন, ‘আমার এক ভক্তের মৃত্যুর খবরে মন ভেঙে গেছে। আমি বোঝাতে পারব না কতটা প্রভাব ফেলেছে আমার ওপর।’ এর আগে রিও হেলথ সেক্রেটারিয়েট জানায়, আনা বেনিভিডস নামে টেইলরের এ ভক্ত কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা যান।
সূত্র: ইয়ন










