মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন স্টার নাইট। এ শোর প্রতি পর্বে একজন সেলিব্রিটি তার কর্ম ও ব্যক্তিজীবনের নানা গল্প বলেন। আজ থাকছে স্টার নাইটের নতুন পর্ব। এ পর্বে অতিথি হিসেবে থাকছেন আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে সেলিব্রিটি শো ‘স্টার নাইট’-এর এবারের পর্ব।
অনুষ্ঠানে বিশেষ কী থাকছে? আজকের স্টার নাইটে অভিনয় ও ব্যক্তিজীবনের এমন কিছু কথা বলবেন তিনি, যা অপু বিশ্বাস আগে কখনো বলেননি। সিনেমা ইন্ডাস্ট্রিতে পথচলায় ভালোমন্দ নানা অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা, সংগ্রাম ও সাফল্য-ব্যর্থতার কথাও বলবেন। সেই সঙ্গে তার সহকর্মী, কাছের বন্ধু এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন। অনুষ্ঠানে তার প্রিয় চলচ্চিত্রের ক্লিপিংসও দেখানো হবে। প্রতি সপ্তাহেই একটি পর্ব প্রচার হয় স্টার নাইটের। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। এরই মধ্যে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে শোটি।










