আরো একবার অভিযোগের মুখে ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি কুমার। শাহরুখ খান অভিনীত এ সিনেমার পরিচালক অ্যাটলির প্রায় সব ছবির বিরুদ্ধেই কোনো না কোনো অভিযোগ উঠেছে। এবারো তার বিরুদ্ধে তোলা হয়েছে গল্প চুরির অভিযোগ।
জওয়ানের গল্প নাকি ২০০৬ সালে বিজয়াকান্ত অভিনীত সিনেমা পেরারাসু থেকে নকল করা। তামিল ফিল্ম প্রডিউসর কাউন্সিলে (টিএফপিসি) এমন অভিযোগ দায়ের করেছেন তামিল প্রযোজক মনিকম নারায়ানান। বর্তমানে এ অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে তামিল ভাষার দৈনিক পত্রিকা মালাই মালার।
পেরারাসু পরিচালনা করেছিলেন উধায়ান। সেখানে কাসি বিশ্বনাথান নামে একজন সৎ সিবিআই অফিসারের গল্প উঠে এসেছিল। তিনি একজন বিচারকের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে তদন্ত করার দায়িত্ব পান। অপরাধীর কাছাকাছি যেতে না যেতেই অজ্ঞাত একজনের দ্বারা একে একে মৃত্যুর ঘটনা ঘটতে থাকে। পরে জানা যায় সে কাসির জমজ ভাই।
যদিও জওয়ান সিনেমার প্লট এখনো জানা যায়নি। তবে এবারই প্রথম অ্যাটলির বিরুদ্ধে এমন অভিযোগ উঠল তা নয়। এর আগে ২০১৯ সালে কেপি সেলভা নামে একজন সহযোগী পরিচালক অভিযোগ তোলেন অ্যাটলির বিগিল সিনেমার গল্প তার লেখা গল্পের মতোই। পরে সেই অভিযোগ তিনি সাউথ ইন্ডিয়ান ফিল্ম রাইটার্স অ্যাসোসিয়েশনেও তোলেন। যদিও সে মামলা চেন্নাইয়ের জন আদালতে খারিজ হয়ে যায়। একইভাবে শিবা নামের আরেক নির্মাতা অভিযোগ তোলেন অ্যাটলি বিগিল সিনেমার জন্য তার শর্ট ফিল্মের গল্প চুরি করেছেন। পুরনো কিছু ব্লকবাস্টারের সঙ্গে মিলে যাওয়ার কারণেও বেশ সমালোচনার শিকার হয় অ্যাটলির সিনেমাগুলো। এমনকি তার বানানো প্রথম সিনেমা রাজা-রানীর বিরুদ্ধেও মনি রত্নমের মৌনা রাগামের মতো হওয়ার অভিযোগ ওঠে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










