সম্প্রতি বিয়ে করেছেন বলিউডের আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। নিরাপত্তার চাদরে মোড়া রাজস্থানের যোধপুরের সিক্স সেন্স দুর্গে সাত পাকে ঘোরেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের কিছু ছবি শেয়ার করে বিয়ের আনুষ্ঠানিক খবর ভক্তদের জানান ভিক্যাট। বিয়েতে বলিউডের বিখ্যাত তারকাদের কাছ থেকে অনেক দামি উপহার পেয়েছেন তারা। বলিউড ভাইজান সালমান খান ভিক্যাটের বিয়ের উপহার হিসেবে দিয়েছেন ৩ কোটি রুপির রেঞ্জ রোভার গাড়ি। ২ কোটি ৭০ লাখ রুপির নেকলেস দিয়েছেন রণবীর কাপুর। নবদম্পতিকে লাখ রুপির পারফিউম উপহার দিয়েছেন আলিয়া ভাট। একটি দামি পেইন্টিং উপহার দিয়েছেন বলিউড কিং খান। পেইন্টিংয়ের দাম ১ কোটি ৫০ লাখ রুপি। হূতিক রোশন ভিকিকে উপহার দিয়েছেন বিএমডব্লিউ জি৩১০ আর ব্র্যান্ডের বাইক। এ বাইকের দাম ৩ লাখ রুপি। ১ কোটি ৪০ লাখ রুপির প্লাটিনাম ব্রেসলেট ভিকিকে দিয়েছেন তাপসি পান্নু।
মুম্বাইতে অনুষ্ঠিতব্য ভিকি-ক্যাটের রিসিপশনে যাবেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ভিরাট ও আনুশকা হতে যাচ্ছেন তাদের নতুন প্রতিবেশী। এছাড়া ক্যাটরিনা ও আনুশকা দুজন-দুজনের ঘনিষ্ঠ বান্ধবী। এ দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা গিয়েছিল জিরো ও জাবতাক হায় জান সিনেমায়।
এদিকে নীল হীরার কুশন আকারের, চারপাশে ছোট ছোট সাদা হীরা দিয়ে মোড়ানো একটি আংটি ক্যাটরিনাকে দিয়েছেন ভিকি। এ হীরার আংটির দাম ৭ লাখ ৪৩ হাজার রুপি। অন্যদিকে টিফানি ক্লাসিং ওয়েডিং রিং কালেকশন থেকে পছন্দ করে ভিকির হাতেও আংটি পরিয়ে দিয়েছেন ক্যাটরিনা। ওই হীরার আংটির দাম ১ লাখ ২৮ হাজার ২৮০ রুপি। এছাড়া ক্যাট তার স্বামী ভিকিকে মুম্বাইয়ে ১৫ কোটি রুপির একটি অ্যাপার্টমেন্টও উপহার দিয়েছেন।
বিয়ের আগ পর্যন্ত গোপনীয়তা বজায় রেখেছিলেন ভিক্যাট। তবে আস্তে আস্তে সবকিছুই প্রকাশ করছেন তারা। সম্প্রতি গায়ে হলুদের রাতে মেহেদি অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আনেন ভিক্যাট। বিগ ফ্যাট পঞ্জাবি বিয়ের হইহুল্লোড়, নাচগান, খাওয়া-দাওয়ার ফাঁকে কখনো হাঁটু গেড়ে হবু বউয়ের দিকে ফুলের তোড়া এগিয়ে দিচ্ছেন ভিকি। আবার কখনো ঢোল-নাগাড়ার তালে তালে নেচে বলেছেন—‘মেহেন্দি লাগাকে রাখনা ঢোলি সাজাকে রাখনা, লেনে তুঝে ও গোরি আয়েগা তেরা সজনা’।
মেহেদি অনুষ্ঠানেও ডিজাইনার সব্যসাচীর পোশাকে সেজেছিলেন বর-কনে। বেইজ রঙা কুর্তা-পাজামায় ধরা দিয়েছেন ভিকি, সঙ্গে রঙ-বেরঙা জহর কোট। কনের পরনে একটি মাল্টিকালারড মটকা সিল্ক লেহেঙ্গা।










