দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন চ্যানেলে নানা আয়োজন থাকছে। এর মধ্যে দুরন্ত টিভিতে থাকছে বেশকিছু আয়োজন। থাকছে নাটক ‘হৈ হল্লা’র বিশেষ পর্ব। ডাক্তার সফদার চৌধুরী ও তার বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুদের মধ্যে দুর্গা পূজাকে ঘিরে চলে উৎসবের আয়োজন। নাটকটি দেখা যাবে ১২ (নবমী) ও ১৩ (দশমী) অক্টোবর বেলা ২টা ৩০ ও রাত ৮টা ৩০ মিনিটে।
শারদীয় দুর্গা পূজায় বিশেষ রান্না নিয়ে আসছে দুরন্ত টিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’। অনুষ্ঠানটি প্রচার হবে ১১ (অষ্টমী), ১২ (নবমী) ও ১৩ (দশমী) অক্টোবর বেলা ১টা ৩০ মিনিট ও রাত ৯টায়।
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দুরন্ত টেলিভিশনের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে জনপ্রিয় অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়’-এর বিশেষ পর্ব। প্রচার হবে ১১ অক্টোবর (অষ্টমী) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
শারদীয় দুর্গা পূজার বিশেষ আয়োজনে দুরন্ত টেলিভিশনে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’। নাচের এ বিশেষ অনুষ্ঠান প্রচার হবে ১৩ অক্টোবর (দশমী) বেলা ২টায়।
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিজয়া দশমীতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘শুভ বিজয়া’। আড্ডার ছলে পূজার নানা গল্প কথা নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। পার্থ প্রতিম হালদারের পরিচালনায় ‘শুভ বিজয়া’ অনুষ্ঠানটি প্রচার হবে ১৩ অক্টোবর (দশমী) সকাল ১০ টায়।
মাছরাঙ্গা টেলিভিশনে থাকছে নাটক। চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বিসর্জনে অর্জন’। নাটকে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, তানিয়া বৃষ্টি, ইমতু রাতিশ, আবুল হায়াত, মিলি বাসারসহ আরো অনেকে। আগামীকাল রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি।
নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। তাকে ঘিরেই এর গল্প আবর্তিত। এ সম্পর্কে তিনি বলেন, ‘নাটকে আমার চরিত্রের নাম নিতু, যে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। সনাতন ধর্মাবলম্বী হওয়ায় অফিসের কোনো কোনো কলিগ তার সঙ্গে একটু অন্য রকম আচরণ করে, যেটা তার মেনে নিতে কষ্ট হয়। পূজা উপলক্ষে সে যাতে ছুটি নিতে না পারে, সেজন্য কৌশলে তাকে কাজে আটকে দেয়। সে তার মায়ের হাতের বানানো নাড়ু নিয়ে এলে কেউ কেউ পূজার নাড়ু বলে খেতে চায় না। কিন্তু তার বস খুব উদার মনের মানুষ। তিনি এসব বোঝেন এবং সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করেন। শান্ত নামে একজন কলিগ আছে, যে নিতুকে পছন্দ করে, কিন্তু কখনো বলে না। এভাবেই এগিয়ে যায় গল্প।’
চয়নিকা চৌধুরী বলেন, ‘অনেক দিন পর পূজার নাটক করলাম। একান্তই নিজের আবেগ ও দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করেছি। আমার মনে হয়েছে, এ সময় এ রকম একটি নাটক হওয়া দরকার। নাটকটিতে সুন্দর একটা মেসেজ আছে। আশা করি দর্শকরা উপভোগ করবেন।’










