কেজিএফ চ্যাপ্টার টুতে প্রধান খল চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। আধীরার চরিত্রে নিজেকে দেখার জন্য সঞ্জয় দত্তও যেন অধীর হয়ে অপেক্ষা করছেন। এ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন।
প্রশান্ত নীলের পরিচালনায় কেজিএফ চ্যাপ্টার টুতে রকির চরিত্রে আছেন যথারীতি যশ। এবার বিভিন্ন চরিত্রে সঞ্জয় দত্ত যেমন প্রথবার যুক্ত হয়েছেন তেমনি রাবিনা ট্যান্ডন ও প্রকাশ রাজও। সম্প্রতি এক আলাপচারিতায় সঞ্জয় দত্ত দারুণ প্রশংসা করেছেন পরিচালক প্রশান্ত নীলের। প্রথমবার তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে প্রশান্তির বলে উল্লেখ করেছেন। ‘প্রশান্ত খুবই বিনয়ী মানুষ। তার সঙ্গে ছবির শুট করাটা ছিল একেবারে নির্বিঘ্ন। এবারই আমি তার সঙ্গে প্রথমবার কাজ করছি। তার কাছ থেকে আমি সব সহযোগিতা পেয়েছি। মনেই হয়নি আমি প্রথমবার কেজিএফে কাজ করছি। বরং মনে হয়েছে সবসময়ই যেন কেজিএফ দুনিয়ার অংশ ছিলাম। প্রশান্তর সঙ্গে আমার যোগাযোগ খুবই ভালো। আমরা নিজেদের মধ্যে অনেক গালগল্প শেয়ার করেছি। তার কাজের স্টাইল ভিন্ন রকম এবং তার পরিচালনায় আমি অনেক কিছু শিখেছিও।’
ক্রুর আধীরার চরিত্রে সঞ্জয় দত্তের লুক অনুপ্রাণিত হয়েছে ভাইকিং যোদ্ধাদের অনুসরণে। ৩১ জুলাই সঞ্জয়ের জন্মদিনে প্রথমবার তার আধীরার লুক প্রকাশিত হয়েছিল।
অন্যদিকে নিজের রকি চরিত্রটি নিয়ে যশ বলেছেন, ‘চ্যাপ্টার ওয়ান ছিল রকি চরিত্র; তার ব্যক্তিত্ব, বিশ্ব আর নিজের মধ্যে থাকা দানবকে অতিক্রমের ভূমিকা, পরিচয়। কেজিএফ চ্যাপ্টার টুতে দর্শকরা রকির এমন কিছু চেহারা দেখবেন যা আগে কখনো দেয়া যায়নি। এটা আরো বড় পরিসরে অ্যাকশন আর রোমাঞ্চে ভরা ছবি।”
সম্প্রতি মুক্তি পাওয়া কেজিএফ চ্যাপ্টার টুর টিজার মুক্তির দুদিনেই এটি ইউটিউবে দেখা হয়েছে এবং কোটিবারের বেশি। সংশ্লিষ্টরা আশা করছেন কেজিএফ চ্যাপ্টার টু ৫০০ কোটি রুপির বেশি আয় করবে।
সূত্র: ডিএনএ










