বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের জন্য বার্লিন শহর একটি আলাদা আকর্ষণ। জার্মানির সঙ্গে আলিয়ার রয়েছে এক ভিন্ন রকম সংযোগের ইতিহাস। ২০১৪ সালে গণমাধ্যমের সাক্ষাত্কারে আলিয়া জানিয়েছিলেন, তার প্রমাতামহ নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের বিরুদ্ধে সংবাদপত্র বের করতেন।

২০১৪ সালে আলিয়ার অভিনীত সিনেমা হাইওয়ের প্রিমিয়ার হয়েছিল বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। বার্লিনে যাওয়ার আগে একটি সাক্ষাত্কার দিয়েছিলেন আলিয়া। সাক্ষাত্কারে এ অভিনেত্রী বলেছিলেন, তার নানা-নানি জার্মানি থেকে এসেছেন। তার নানির জন্ম একটি ইউরোপীয় দেশে এবং তিনি একজন জার্মান। আলিয়ার নানা অ্যাডলফ হিটলারের উত্থান পর্বে তার বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড সংবাদপত্র প্রকাশ করতেন। সহজ কথায় তিনি ছিলেন ফ্যাসিবাদবিরোধী একজন কর্মী। পরে তিনি তত্কালীন নাৎসি কর্তৃপক্ষের হাতে ধরা পড়েন এবং দুই বছরের জন্য কারারুদ্ধ হন। এরপর আলিয়ার নানি চেকস্লোভাকিয়া এবং পরে ইংল্যান্ডে চলে যান।

আলিয়া ভাটের কাশ্মীরি নানা নরেন্দ্র নাথ রাজদান লন্ডনে স্থাপত্য নিয়ে অধ্যয়ন করেছেন এবং ১৯৪৮ সালের দিকে তিনি বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী রাম গোপালের দলের সদস্য হিসেবে বার্লিনে চলে গিয়েছিলেন। বার্লিনের শিলার থিয়েটারে বেহালা বাজিয়েছিলেন নরেন্দ্র নাথ রাজদান।

অন্য একটি সাক্ষাত্কারে আলিয়া জানান, একটা সময়ে তার নানা-নানি বার্লিনে থাকতেন। যখন তার নানিকে বলা হয় যে বার্লিনে আলিয়ার হাইওয়ে সিনেমাটি দেখানো হবে, সে সময়ে তিনি অনেক আবেগাক্রান্ত হয়ে পড়েছিলেন।

২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে আলিয়া ভাটের নতুন সিনেমা গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। ১৬ ফেব্রুয়ারি ৭২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এতে যোগ দিয়েছিলেন আলিয়া ভাট ও পরিচালক সঞ্জয় লীলা বনসালি। এর আগে আলিয়া অভিনীত হাইওয়ে ও গালি বয় সিনেমা দুটিও বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল।

 

সূত্র: হলিউড হাঙ্গামা