ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রির শিল্পীদের জন্য সুযোগ পেলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলিউডের ভাইজানখ্যাত সালমান খান। জনপ্রিয় টেলিভিশন শো আলাদিন: নাম তো সুনা হোগাতে আলাদিনের চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ নিগাম। সম্প্রতি সিদ্ধার্থ জানিয়েছেন, তার বেতন বৃদ্ধিতে ভূমিকা ছিল সালমান খানের।

সিদ্ধার্থ জানিয়েছেন, কারজাটে তিনি ও সালমান খান একই জিমে ব্যায়াম করতেন। সালমান তখন সেখানে গিয়েছিলেন তার এক ছবির শুটিংয়ের জন্য। আর সিদ্ধার্থ তখন তার সিরিজ অশোকায় কাজ করছিলেন। জিমে একদিন সালমান সিদ্ধার্থের দৈনিক আয় সম্পর্কে জানতে চান। টাকার পরিমাণ শুনে সালমান খান চমকে যান এবং তার চেষ্টায় তখন সিদ্ধার্থের বেতন বাড়ানো হয়।

টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাত্কারে সিদ্ধার্থ বলেন, ‘আমরা একসঙ্গে ব্যায়াম করতাম। একদিন সালমান স্যার আমার দৈনিক আয় সম্পর্কে জানতে চান। আমি তখন অশোকা সিরিয়ালে কাজ করছি। আমি তখন খুব কম পারিশ্রমিক পেতাম। সালমান স্যার একজনকে ডেকে বললেন যে আমি কত কম টাকা পাই। এরপর হঠাৎই আমার পারিশ্রমিক বেশ অনেক বেড়ে যায়।’

সিদ্ধার্থই প্রথম নন যিনি সালমান খানের সহযোগিতা পেয়েছেন। নির্মাতা-কোরিওগ্রাফার রেমো ডি’সুজা হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রেমোর সেই কঠিন সময়ে তার পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন সালমান। রেমোর কথায়, ‘তার (সালমান খান) হূদয় উদার। আমি তার সঙ্গে কাজ করেছি এবং জানি যে তিনি কতটা দারুণ একজন মানুষ। আমি হাসপাতালে ভর্তি হওয়ার পর আমার স্ত্রী সালমানকে খবরটা জানায়। আমি ছয়দিন হাসপাতালে ছিলাম। তিনি সবকিছুর প্রতি খেয়াল রেখেছেন। আমার অবস্থা নিয়ে তিনি নিজে ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন।’

 

সূত্র: ডিএনএ