ভারতের স্ট্রিমিং সাইটের মধ্যে ডিজনি প্লাস হটস্টার অন্যতম। এ প্লাটফর্মের জনপ্রিয়তা ও লাভজনক হওয়ার অন্যতম কারণ এটির হাতে ছিল আইপিএলের প্রচারস্বত্ব। কিন্তু দুঃখজনক বিষয়, সম্প্রতি তারা এ প্রচারস্বত্ব হারিয়েছে। নতুন আসা জিও সিনেমা এ স্বত্ব কিনে নেয়। শুরুতে মনে হয়েছিল এতে সমূহ ক্ষতির মুখে পড়বে ডিজনি প্লাস হটস্টার। কিন্তু বাস্তবে দেখা গেল লাভই হয়েছে প্লাটফর্মটির। একটি বড় অংকের বিনিয়োগ বেঁচে গেছে।
এ বছরও স্ট্রিমিং প্লাটফর্মের গ্রাহক কমেছে। তবে সেদিক থেকে ভারতে এখনো এগিয়ে আছে ডিজনি প্লাস হটস্টার। পুরো মার্কেটের ২৯ শতাংশ গ্রাহক তাদের। গবেষণা প্রতিষ্ঠান অ্যাম্পিয়ারের দেয়া তথ্য অনুসারে, ২০২৩ সালের প্রথম চার মাসে প্লাটফর্মটির গ্রাহক সংখ্যা পাঁচ কোটির কাছাকাছি। অ্যামাজন প্রাইমের ভারতীয় গ্রাহক ১ কোটি ২৪ লাখ ও নেটফ্লিক্সের ৬২ লাখ। হটস্টার বছরের শুরু থেকেই বেশকিছু নতুন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে তারা বিজ্ঞাপন থেকে অর্থ আয়ের চেয়ে ‘অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার’-এর ক্ষেত্রে জোর দিয়েছে।
অ্যাম্পিয়ারের বরাত দিয়ে ভ্যারাইটি বলছে, আইপিএল প্রচারের স্বত্ব কিনতে হটস্টারের যা খরচ হতো, তা বেঁচে যাওয়ার ফলে ভিন্ন খাতে খরচ করা সম্ভব হবে। গ্রাহক বেশি থাকার কারণে তা ধরে রাখতে পারলে ডিজনি প্লাস হটস্টারের ব্যবসা কমবে না। এক্ষেত্রে মোবাইল অপারেটরদের সঙ্গে তাদের নতুন নতুন চুক্তি বেশ লাভজনক হতে পারে। বর্তমানে প্লাটফর্মটি রিলায়েন্সের জিও, ভারতী এয়ারটেল ও ভোডাফোনের গ্রাহকদের জন্য কিছু ফ্রি কনটেন্ট রেখেছে। এটি তাদের বিস্তারে সহায়তা দিলেও মুনাফার ক্ষেত্রে কিছু নেতিবাচক প্রভাব ফেলে।
ডিজনি প্লাস হটস্টারের গ্রাহক ধরে রাখার একটি বড় সুযোগ ছিল ক্রিকেট। কিন্তু অ্যাম্পিয়ারের সিনিয়র অ্যানালিস্ট ওরিয়ানা ঝাও মনে করেন, ক্রিকেট হারিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ভারতে ওটিটি কনটেন্টের ক্ষেত্রে ৫০০ জনপ্রিয় কনটেন্টের মধ্যে ১২৩টি হটস্টারের। নেটফ্লিক্সের আছে ১১৭টি ও জিও সিনেমার মাত্র ৩৮টি। সুতরাং সব দিক থেকে এখনো এগিয়ে আছে ডিজনি প্লাস হটস্টার। ঝাও বলেন, ‘এখন প্রতিষ্ঠানটির জন্য প্রয়োজন বিস্তার ঠিক রেখে মুনাফা তোলার মতো কিছু টেকসই পরিকল্পনা। গ্রাহকপ্রতি মুনাফা বাড়াতে পারলেই সেটি সম্ভব।’ তবে কাজটি দ্রুত করতে হবে, কেননা জিও সিনেমা এরই মধ্যে ১০০ অরিজিনাল কনটেন্ট আনার ঘোষণা দিয়েছে।
সূত্র: ভ্যারাইটি










