মুক্তির অপেক্ষায় আছে মার্টিন স্করসেসি নির্মিত সর্বশেষ সিনেমা ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’। ওসেজ হত্যাকাণ্ড নিয়ে নির্মিত এ সিনেমা নিয়ে আগ্রহী বিশ্বের সিনেমাপ্রেমীরা। হলিউড ও বিশ্ব সিনেমার জগতে স্করসেসি এখনো প্রাসঙ্গিক। কেবল প্রাসঙ্গিকই নন, গুরুত্বপূর্ণও বটে। তবে স্করসেসি নেতিবাচক মন্তব্য করলেন একালের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমার ধারা নিয়ে। এর আগেও তিনি বলেছিলেন, ‘সুপারহিরো সিনেমা মূলত সিনেমার জন্য ক্ষতিকর।’ এবার একই কথা নতুন করে বললেন তিনি। তার মতে, কমিক থেকে নির্মিত সিনেমাগুলো সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর। এছাড়া স্ট্রিমিং প্লাটফর্মগুলো যাকে কনটেন্ট বলে, সেখানেও আপত্তি আছে স্করসেসির। সম্প্রতি জিকিউ ম্যাগাজিনের সঙ্গে এক কথোপকথনে স্করসেসি এসব কথা বলেছেন।
এর আগে ২০১৯ সালে ‘সিনেমা বনাম মার্ভেল’ বিতর্ক তুলেছিলেন প্রবীণ এ নির্মাতা। এম্পায়ার ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সত্যি বলতে, আমি বোঝার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার কাছে এগুলোকে সিনেমা মনে হয়নি। এ ধারার সিনেমাগুলোকে আমি বড়জোর একটা থিম পার্কের সঙ্গে তুলনা করতে পারি, যেখানে অভিনেতারা দর্শকের একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়ার চেষ্টা করেন। সিনেমার মাধ্যমে মানুষ মানুষের কাছে কিছু বার্তা দেয়ার চেষ্টা করে। এসব সিনেমায় তা নেই।’
সম্প্রতি জিকিউয়ের সঙ্গে কথোপকথনেও একই কথা বলেছেন মার্টিন। তার মতে, এ সিনেমাগুলো এখন তরুণদের দ্রুত আকর্ষণ করার জন্য নির্মিত হয়। আর কমিক থেকে নির্মিত সিনেমার রেশ দ্রুতই মিলিয়ে যায়। স্করসেসি মনে করেন, এসব সিনেমার কারণে ভিন্ন ধারার সিনেমা মানুষের কাছে পৌঁছতে পারে না। সিনেমার যে মূল বিষয়বস্তু ছিল, সেখানে একটা বাধার সৃষ্টি করছে কমিক বুক ও সুপারহিরোনির্ভর সিনেমা।
পাশাপাশি ‘কনটেন্ট’ কথাটি নিয়েও স্করসেসির আপত্তি আছে। বিশেষত স্ট্রিমিং প্লাটফর্ম যাকে কনটেন্ট বলছে তা স্করসেসির ভাষায়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত সিনেমার মতো। এখানে কোনো স্বকীয়তা নেই।
কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন মুক্তির আগে স্করসেসির কথায় বিতর্ক উঠেছে। কমিকনির্ভর সিনেমা নিয়ে তিনি কেবল ব্যক্তিগত আলাপেই সীমাবদ্ধ থাকেননি। তিনি বলেছেন, ‘এসব সিনেমার বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের লড়াই করতে হবে একদম তৃণমূল থেকে। নির্মাতাদেরই শুরু করতে হবে।’
সূত্র: জিকিউ ম্যাগাজিন










