দেশের গুণী নাট্য নির্মাতা অরণ্য আনোয়ারের প্রথম সিনেমা ‘মা’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এ সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। মা দিবস উপলক্ষে আগামী ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এটি মুক্তির ঘোষণা দেন নির্মাতা। 

এরই মধ্যে তিনি শুরু করেছেন সিনেমাটির প্রচারণার কাজ। এর আগে প্রকাশ করেছেন শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন ও ট্রেলার। এবার প্রকাশ্যে এল এর ‘সোনার কাঠি রুপার কাঠি জাদুর কাঠি রে’ গানটি। পহেলা বৈশাখের দিনে গানটি উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে। এতে ‘মা’ পরীর মাতৃত্বের গল্পের বিভিন্ন অংশ উঠে এসেছে। গ্রামীণ পরিবেশে বিভিন্ন আচার পালনেও দেখা গেছে অভিনেত্রীকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। মাহী ফ্লোরার লেখা এ গানে সুর করেছেন মাহাদী ও মুনতাসির। কম্পোজিশনে মুনতাসির। এ নিয়ে নির্মাতা জানান, মা সিনেমাটির গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। যেখানে যুদ্ধের নির্মমতার পাশাপাশি মা-সন্তানের অকৃত্রিম আবেগের চিত্র ফুটে উঠেছে। 

গত বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল এর শুটিং। সিনেমাটি নিয়ে পরীমণি বলেন, ‘‌‍এ সিনেমার জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। যখন ‘‌‘মা’’-এর শুটিং করি, তখন চার মাসের রাজ্য আমার পেটে ছিল। ওকে পেটে নিয়ে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি। আর এখন যখন ছবিটি মুক্তির মিছিলে, তখন রাজ্য আমার কোলে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।’

এ সিনেমার বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।