কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর একটি। এ উৎসবের ৪৯তম আসর বসছে আগামী ৫ সেপ্টেম্বর। ১১ দিনব্যাপী উৎসবটিতে থাকছে বাংলাদেশী সিনেমা সাবা। টিআইএফএফে বিশ্বের ২৪টি চলচ্চিত্রের সঙ্গে স্থান করে নিয়েছে মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা সাবা।
টিআইএফএফের আসন্ন উৎসবে কোন ছবিগুলো নির্বাচিত হয়েছে, তার সদ্য তালিকা প্রকাশ করেছেন আয়োজকরা। যেখানে ডিসকভারি প্রোগ্রামে বিশ্বের ২৪টি চলচ্চিত্রের সঙ্গে স্থান পায় বাংলাদেশী এ সিনেমা।
ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন অভিনীত প্রথম ছবি সাবা। এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। গত ফেব্রুয়ারিতে মেহজাবীনের জন্মদিন উপলক্ষে পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে সিনেমাটি নিয়ে প্রথমবার জানানো হয়।
জন্মদিনের দুপুরে মেহজাবীন পোস্টার শেয়ার করে জানান, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এ দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এ বিশেষ দিনেই আমার শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।’
সেই সঙ্গে তিনি বলেছিলেন, ‘২০২৩ সালের শুরুতেই আমরা এ চলচ্চিত্রের কাজ সম্পন্ন করি।’ সে সময়ই কিছুটা আঁচ পাওয়া গিয়েছিল যে ছবিটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যাত্রা করতে যাচ্ছে! সে ভাবনার ব্যত্যয় ঘটেনি! মাস চারেকের মধ্যেই এল সুসংবাদ।










