বাংলাদেশের অন্যতম প্রতিনিধিত্বশীল আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’। বাংলাদেশের আবৃত্তি শিল্পের পুরোধা ব্যক্তিত্ব আবৃত্তিশিল্পী ও অভিনেতা গোলাম মুস্তাফার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিনে গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা প্রদান করে আসছে সংগঠনটি। ২০১৭ সাল থেকে প্রতি বছর গোলাম মুস্তাফার জন্মদিনকে উপলক্ষে বর্ণিল আয়োজনে দেশের একজন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। সে ধারাবাহিকতায় এ বছর গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা গ্রহণ করলেন দেশের প্রখ্যাত আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী। 

অঞ্চল চৌধুরী বাংলাদেশের একজন অগ্রজ সাংস্কৃতিক সংগঠক, আবৃত্তিশিল্পী ও নাট্যশিল্পী। তিনি প্রায় অর্ধযুগের বেশি সময় ধরে আবৃত্তি, নাট্যচর্চা ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন বরেণ্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, গোলাম মুস্তাফা তনয়া অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা এমপি, অভিনয়শিল্পী আফসানা মিমি, চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদ। তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ভাগ্যধন বড়ুয়া। এ সময় অতিথিরা সম্মাননাপ্রাপ্ত গুণীজন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরীর হাতে তুলে দেন উত্তরীয়, একগুচ্ছ কবিতার বই, সম্মাননা পদক, স্মারক। অনুষ্ঠানে আবৃত্তি করেন সুবর্ণা মুস্তাফা, আফসানা মিমি, বোধন আবৃত্তি পরিষদ, তারুণ্যের উচ্ছ্বাস, মিলি চৌধুরী ও ফারুক তাহের।