ক্রিস্টোফার নোলানের সিনেমা মানেই চমক। তার নতুন সিনেমা ওপেনহাইমার নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। সে আগ্রহের পারদ আরো চড়িয়ে দিল একটি সংবাদ। নোলানের এ সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছেন কেনেথ ব্রানা। বেলফাস্টের সাফল্যের পর ব্রানার ডেথ অন দ্য নাইল কিছুটা ব্যর্থ। কিন্তু এ দুটি সিনেমার একটিতে ব্রানা ছিলেন পরিচালক, অন্যটিতে পরিচালক ও অভিনেতা। ওপেনহাইমারে ব্রানাকে কেবল অভিনেতা হিসেবেই দেখা যাবে।

নোলানের সঙ্গে ব্রানার জুটি বেঁধে কাজ করা নতুন কিছু নয়। এর আগে ডানকার্ক ও টেনেটে তারা একসঙ্গে কাজ করেছিলেন। তাদের দুজনের মধ্যে চমত্কার একটি রসায়ন কাজ করে। কারণ পরিচালক হিসেবে দুজনই নিরীক্ষা করতে পছন্দ করেন। ডানকার্ক ও টেনেটের পর তাই ফের একত্রে কাজ করছেন এ দুই স্বাপ্নিক পরিচালক। তবে একজন এখানে পরিচালক, অন্যজন অভিনেতা। ব্রানা কোন চরিত্রে অভিনয় করবেন তা এখনো প্রকাশ করা হয়নি। তবে সিনেমায় কিলিয়ান মারফির লুক নিয়ে একটি ছবি প্রকাশ করে চমক দিয়েছেন নোলান।

কিলিয়ান মারফির সঙ্গেও নোলান বেশ কয়েকটি কাজ করেছেন। নোলানের ব্যাটম্যান ট্রিলজির দুটি সিনেমা, ডানকার্ক ও ইনসেপশনে মারফিকে দেখা যায়। কিন্তু চরিত্রগুলো শক্তিশালী হলেও মারফির উপস্থিতি ছিল সংক্ষিপ্ত। এবার ওপেনহাইমারে নাম চরিত্র হয়েই আসছেন তিনি। রবার্ট ওপেনহাইমারের চরিত্রে মারফির ‘ফার্স্ট লুক প্রকাশিত’ হলো বলা যায়। পিকি ব্লাইন্ডার্সে সিগারেট মুখে মারফিকে দেখে দর্শকরা অভ্যস্ত। কিন্তু ওপেনহাইমারে হ্যাট পরা ধূমপানরত মারফি দর্শককে অবাক করেছেন। ফার্স্ট লুক আসার পর ‘টক অব দ্য টাউন’ এখন মারফির এ লুক। দর্শকরা রবার্ট ওপেনহাইমারের সঙ্গে মারফির লুক মিলিয়ে দেখছেন। বলে রাখা ভালো, ওপেনহাইমারও চেইন স্মোকার ছিলেন। প্রকাশিত স্ন্যাপশটে কিলিয়ান মারফির স্থির দৃষ্টি দেখে দর্শক মনে করছে, নোলানের আরেকটি মাস্টারপিস আসতে চলেছে।

কাই বার্ড ও মার্টিন জে শেরউইনের পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত বই  American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer  থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে অভিনয় করছেন এমিলি ব্রান্ট, ম্যাট ডেমন ও রবার্ট ডাউনি জুনিয়র। নোলানের সঙ্গে ডাউনি জুনিয়রের কাজ দেখার জন্যও দর্শক আগ্রহী। সিনেমাটির বিপণন প্রতিষ্ঠান হিসেবে থাকছে ইউনিভার্সাল স্টুডিও। ২০২৩ সালের ২১ জুলাই উত্তর আমেরিকার থিয়েটারে ওপেনহাইমার মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

সূত্র: ভ্যারাইটি