জয়া আখতার নির্মিত বলিউডের অন্যতম ব্লকবাস্টার সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। সিনেমায় অভিনয় করেছেন হৃতিক রোশান, ফারহান আক্তার ও অভয় দেওল। অভয় দেওলের ক্যারিয়ারের সুপারহিট সিনেমাগুলোর মধ্যে এটি অন্যতম। সম্প্রতি ভারতীয় বিনোদনমাধ্যম বিবিসি নিউজ হিন্দিকে দেয়া এক সাক্ষাৎকারে অভয় বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা প্রথমে সিনেমাটিকে ভরসা করেননি। কারণ এতে কোনো ভিলেন নেই। তারা পরামর্শও দিয়েছিলেন যে পর্দায় দর্শক হৃতিক রোশানের ব্যক্তিগত দ্বন্দ্বের গল্প দেখতে পছন্দ করবে না।’"
অভয় আরো জানিয়েছেন, যখন জিন্দেগি না মিলেগি দোবারার শুটিং হচ্ছিল, তখন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেরই প্রশ্ন ছিল, ‘ভিলেন কে?’ ‘কোনো ভিলেন নেই?’ ‘অভ্যন্তরীণ দ্বন্দ্ব কী?’ ‘হৃতিক রোশানের ব্যক্তিগত দ্বন্দ্ব দেখতে কে আসবে?’
চলচ্চিত্রটিতে তিনটি চরিত্র রয়েছে, যারা স্পেন ভ্রমণের সময় তাদের ব্যক্তি জীবনের সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। অভয় বলেন, ‘সিনেমার এ ধারা নতুন ছিল। এ ধরনের অভিনেতা, চলচ্চিত্র ও যে বাজেটে তৈরি হয়েছে সব বিষয়ই নতুন ছিল এবং এটি সফল হয়েছে। কিন্তু চলচ্চিত্র শিল্পের এ নিয়ে খুব বেশি বিশ্বাস ছিল না।’ প্রসঙ্গক্রমে, তিনি ‘মনোরমা সিক্স ফিট আন্ডার’ সিনেমা সম্পর্কেও কথা বলেছেন। অভয় জানিয়েছিলেন, সিনেমাটি খুব কম সময়ই পর্দায় স্থান পেয়েছে। এর প্রচারণার বাজেটও ছিল খুব স্বল্প। তিনি মনে করেন, এটিই ছিল সিনেমাটির বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার কারণ।
অভয় বলেন, ‘সিনেমা আমাদের সংস্কৃতিও তৈরি করে। যদি দর্শককে সবসময় একই রকমের সিনেমা দেখানো হয়, তাহলে এটি তাদের সিনেমা নিয়ে বিচার করার বা পছন্দ নিয়ে ভাবার সু্যোগ দেয় না।’ তিনি আরো যোগ করেছেন যে কয়েক বছর ধরে দর্শক একটি নির্দিষ্ট ধরনের চলচ্চিত্র পছন্দ করছে। যেগুলোকে মূলধারার চলচ্চিত্র হিসেবে দেখা হয়।
তবে দর্শকের বিভিন্ন ধরনের সিনেমার সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার চেষ্টা করছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি চলচ্চিত্রগুলোকে ভালোভাবে প্রচার করা অত্যন্ত প্রয়োজন। এতে দর্শক সেগুলো দেখার সুযোগ পায়।’
তিনি আরো জানান, মনোরমা সিক্স ফিট আন্ডার সিনেমাটির যেখানে ৬০টি স্ক্রিন ও প্রচারণার জন্য ২৫ লাখ রুপি বাজেট রাখা হয়, সেখানে মানুষ জানতেও পারেনি এর মুক্তির বিষয়ে। ফলে স্বাভাবিকভাবেই সিনেমাটি সফলতা পায়নি। কিন্তু পরবর্তী সময়ে ডিভিডিতে এ সিনেমা খুব ভালো চলেছিল। তবে লাভ হয়নি, কারণ সিমেনাটি এরই মধ্যে ক্ষতির সম্মুখীন হয়েছিল। এরপর স্বভাবগতভাবেই ইন্ডাস্ট্রি বলেছে, ‘আমরা আপনাদের বলেছিলাম, এ ধরনের সিনেমা চলে না।’ “
সিনেমা ও এর প্রচারণা নিয়ে সচেষ্ট এ অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্স সিরিজ ‘ট্রায়াল বাই ফায়ারে’।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










