থালাপতি বিজয়ের আসন্ন সিনেমা লিও। ধারণা করা হচ্ছে লোকেশ কনগরাজ পরিচালিত এ সিনেমার সঙ্গে যোগাযোগ থাকছে বিক্রম ও কাইথির। তৈরি হচ্ছে কনগরাজ ইউনিভার্স। সিনেমার অভিনয়শিল্পীও অনেক। লিওতে অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, গৌতম মেনন, নির্মাতা মিশকিন ও সঞ্জয় দত্ত। এ সিনেমায় দুজন নির্মাতাকে ক্যামেরার সামনে হাজির করছেন লোকেশ। এমনটাই জানা ছিল। গৌতম মেনন ও মিশকিনের পর তৃতীয় একজন নির্মাতাকেও ক্যামেরার সামনে আনছেন লোকেশ। তিনি অনুরাগ কাশ্যপ। সম্প্রতি দক্ষিণ ভারতের সিনেমা সমালোচক শ্রীধর পিল্লাই এ তথ্য জানিয়েছেন। গতকাল একটি টুইটে তিনি লেখেন, ‘এবার মিশকিন ও গৌতম মেননের পাশাপাশি আরো একজন পরিচালক যুক্ত হচ্ছেন থালাপতি বিজয় অভিনীত লোকেশ কনগরাজের সিনেমায়। তিনি অনুরাগ কাশ্যপ।’
শ্রীধর জানিয়েছেন, এ সিনেমায় অনুরাগের অংশের শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে। তবে বেশ কিছুদিন ধরে অনুরাগ চেন্নাইয়ে আছেন। সেখান থেকে বিনোদন গণমাধ্যমগুলোর ধারণা, অনুরাগ এরই মধ্যে সিনেমার কাজ শুরু করে দিয়েছেন। এ সিনেমায় সঞ্জয় দত্তকে নেয়া হয়েছে খলনায়কের চরিত্রে। কেজিএফ: চ্যাপ্টার টুর পর তাকে আবার দুর্ধর্ষ চরিত্রে দক্ষিণে দেখা যাবে। কিন্তু অনুরাগ কোন চরিত্রে অভিনয় করছেন, তা এখনো জানা যায়নি।
এ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে অনুরাগ কাশ্যপের ইচ্ছা পূরণ হচ্ছে। কারণ এর আগে তিনি কনগরাজের সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন। ইন্ডিয়া গ্লিটজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘লোকেশের সিনেমায় একটি মৃত্যু দৃশ্যে অভিনয় করতে চাই আমি। কারণ সে তার অভিনেতাদের অসাধারণ মৃত্যু দেয়। তাই ওর একটা সিনেমায় আমি মরতে চাই। আমার শুধু একটা চরিত্র চাই, যে অসাধারণভাবে মারা যাচ্ছে।’
লোকেশ কনগরাজের লিও যে ব্লকবাস্টার হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। সিনেমার কাজ অনেকটাই হয়ে এসেছে। এর মধ্যে মুক্তি পেয়েছে ‘না রেডি’ নামে সিনেমার একটি গান। লিরিক্যাল এ ভিডিওতে বিজয়ের কিছু স্টিল দেখা যায়। সিনেমার কিছু কাজ বাকি আছে, যার জন্য ইউনিটের একাংশ কাশ্মীরে শুটিংয়ে ব্যস্ত ছিল। দক্ষিণের অ্যাকশন সিনেমায় কাশ্মীরের দৃশ্য নিয়েও দর্শকরা আগ্রহী।
কাশ্যপ ছোট-বড় মিলিয়ে ৩০-এর বেশি কনটেন্টে অভিনয় করেছেন। তবে লোকেশের সিনেমা যেহেতু তার স্বপ্নের চরিত্র, ধারণা করা হচ্ছে অনুরাগকে নতুন করে পাওয়া যাবে লিওতে।
সূত্র: ইন্ডিয়া টুডে










