সর্বকালের অন্যতম প্রভাবশালী ও বিখ্যাত মার্শাল আর্ট শিল্পীদের একজন হিসেবে গণ্য করা হয় ব্রুস লিকে। একই সঙ্গে তিনি বড় পর্দার জনপ্রিয় অ্যাকশন হিরোও ছিলেন। হংকংয়ের সিম শা সুই শহরে রয়েছে বিখ্যাত এ মার্শাল আর্ট শিল্পীর ব্রোঞ্জের ভাস্কর্য। হলিউডের ওয়াক অব ফেমের আদলে সিম শা সুই শহরে রয়েছে অ্যাভিনিউ অব স্টারস। ২০০৫ সালে এখানেই ব্রুস লির ৬৫তম জন্মবার্ষিকীতে স্থাপন করা হয়েছিল তার ভাস্কর্য। মার্শাল আর্টের একটি অ্যাকশন ভঙ্গিতে খালি গায়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ব্রুস লিকে। ১৯৭২ সালে মুক্তি পাওয়া ব্রুস লির জনপ্রিয় সিনেমা ফিস্টস অব ফিউরিতে তার একটি পোজ অনুকরণে নির্মাণ করা হয়েছে এ ভাস্কর্য।
সম্প্রতি হংকংয়ে স্থানীয় পর্যটন শিল্পের বিকাশে ব্রুস লির ভাস্কর্যটি নিয়ে নতুন উদ্যোগ নেয়া হয়েছে। তার খালি গায়ের ভাস্কর্যে যুক্ত হয়েছে সাদা শার্ট। গত ২৭ নভেম্বর ব্রুস লির ৮১তম জন্মদিনে ভাস্কর্যটির এই নতুন রূপ উন্মোচন করা হয়েছে। এরপর পর্যটকদের নতুন করে আকর্ষণ করছে প্রয়াত এ তারকার ভাস্কর্যটি। হংকংয়ের পোশাকের ব্র্যান্ড লি কুং ম্যান ও স্থানীয় ফ্যান ক্লাব ব্রুস লি ক্লাবের সহযোগিতায় ভাস্কর্যটির এ নতুন রূপ দেয়া হয়। প্রকল্পটি গত বছর ব্রুস লির ৮০তম জন্মদিন পালনের অংশ হিসেবে হাতে নেয়া হয়েছিল। কিন্তু করোনা মহামারীর কারণে তা পিছিয়ে যায়। এ সম্পর্কে ব্রুস লি ক্লাবের প্রতিষ্ঠাতা ওয়াং লুউ কেয়াংক জানান, তিনি আশা করেন নতুন এ উদ্যোগ হংকংয়ের পর্যটন শিল্প বিকাশে সহায়তা করবে।
হলিউডের বিভিন্ন ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে ত্যক্তবিরক্ত হয়ে একসময় তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে হংকংয়ে ক্যারিয়ার তৈরির সিদ্ধান্ত নেন। তাই ১৯৭১ সালে হংকংয়ে চলে যান ব্রুস লি।
সূত্র: ব্যাংকক পোস্ট










