বাংলাদেশের টিভি নাটকের এ প্রজন্মের দর্শকপ্রিয় মুখ নাঈমা আলম মাহা। নাটকের নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করে প্রশংসিত হচ্ছেন তিনি। মোহন আহমেদের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় মাহা অভিনয় করেছেন সদ্য ইউটিউবে প্রকাশিত ‘প্রেমিকা’ নাটকে। এ নাটকের নাম ভূমিকায় অভিনয় করে দর্শকের মধ্যে মুগ্ধতার সৃষ্টি করেছেন মাহা। 

দ্রুততম সময়ের মধ্যে নাটকটিতে মাহার উপস্থিতি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন এ প্রজন্মের নন্দিত অভিনেতা ইরফান সাজ্জাদ। তাদের দুজনের অনবদ্য রসায়ন দর্শকের কাছে ভীষণ ভালো লেগেছে, যা ইউটিউবে প্রকাশিত এ নাটকের কমেন্ট বক্সে স্পষ্টত। 

মাহা বলেন, ‘পরিচালকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এমন একটি চরিত্রে কাজের সুযোগ দেয়ার জন্য। গল্পটা এক কথায় অসাধারণ। নির্মাতা বেশ গুছিয়ে কাজটি নির্মাণ করেছেন। ইরফান ভাই নিঃসন্দেহে একজন গুণী অভিনয়শিল্পী। তিনিও আমাকে আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে ভীষণ সহযোগিতা করেছেন। নাটকটি প্রকাশের পর থেকেই অন্য রকম সাড়া পাচ্ছি। অর্থাৎ যারা আমার খুব কাছের, তারা নাটকটি দেখে তাদের ভালো লাগার কথা প্রকাশ করেছেন। আমিও আগামীতে এ ধরনের গল্পে কাজ করতে চাই। কারণ এখানে নিজের অভিনয়কে যথাযথভাবে ফুটিয়ে তোলার সুযোগ থাকে।’

নাটকটিতে আরো অভিনয় করেছেন শেলী আহসান, রকি খান, টুম্পা মাহবুব, মোস্তাফিুজর রহমান। এ মুহূর্তে দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় আপাতত কোনো নাটকে কাজ করছেন না মাহা। এদিকে মাহা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’ নিয়মিত মাছরাঙা টিভিতে প্রচার চলছে। নাটকটি রচনা করেছেন রাজীবুল ইসলাম রাজীব, পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। এ নাটকেও মাহাকে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ে দেখা গেছে। গত ঈদে সালাউদ্দিন লাভলুর পরিচালনায় একটি খণ্ড নাটকেও অভিনয় করেছিলেন তিনি। এতে তার বিপরীতে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে মাহার প্রবল ইচ্ছে ভালো গল্পের সিনেমায় অভিনয় করার।