ফিল্মফেয়ার পুরস্কারের হিন্দি সংস্করণে সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট, ভূমি পেড়নেকর ও টাবু। এর মধ্যে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি’ ছবির জন্য দর্শকদের ভোট পেয়েছেন মহেশ ভাটকন্যা। গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতের এই আসরে সঞ্জয় লীলা বানসালির সিনেমাটি জিতে নেয় দশটি পুরস্কার।

৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের সঞ্চালক ছিলেন সালমান খান। তাকে সঙ্গ দেন আয়ুষ্মান খুরানা ও মণীশ পাল।

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি’ ছাড়াও মনোনয়ন দৌড়ে এগিয়েছিল পুষ্কর গায়ত্রীর ‘বিক্রম বেদা’ ও বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’।

এবার ‘বাধাই দো’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান রাজকুমার রাও। একই ছবির জন্য সহ অভিনেত্রীর পুরস্কার পান শিবা চাড্ডা। ‘যুগ যুগ জিও’র সেরা সহ অভিনেতা হয়েছেন অনিল কাপুর।

এক ঝলকে দেখে নিন প্রধান কিছু পুরস্কার:

সেরা ছবি: গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি; পরিচালক: সঞ্জয় লীলা বনসালি (গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি); অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি), অভিনেতা: রাজকুমার রাও (বাধাই দো); সহ অভিনেতা: অনিল কাপুর (যুগ যুগ জিও); সহ অভিনেত্রী: শিবা চাড্ডা (বাধাই দো); সমালোচক বিচারে সেরা ছবি: বাধাই দো; অভিনেত্রী: ভূমি পেড়নেকর (বাধাই দো) ও টাবু (ভুল ভুলাইয়া ২); অভিনেতা: সঞ্জয় মিশ্র (বধ); সংলাপ: প্রকাশ কাপাডিয়া ও উৎকর্ষিনী বশিষ্ঠ (গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি)।

সেরা চিত্রনাট্য:  অক্ষত ঘিলদিয়াল, হর্ষবর্ধন কুলকার্নি ও সুমন অধিকারী (বাধাই দো); গল্প: বাধাই দো; সেরা নবাগত (পুরুষ): অঙ্কুশ গেদাম (ঝুণ্ড); সেরা নবাগত (নারী): আন্দ্রিয়া কেভিচুসা (অনীক); সেরা নবাগত (পরিচালক): জসপাল সিং সান্ধু ও রাজীব বার্নওয়াল (বধ); আজীবন সম্মাননা: প্রেম চোপড়া; সেরা মিউজিক অ্যালবাম: প্রতীম (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা); গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (কেশারিয়া- ব্রহ্মাস্ত্র); গায়ক: অরিজিৎ সিং (কেশারিয়া- ব্রহ্মাস্ত্র); গায়িকা: কবিতা শেঠ (রঙ্গিসারি - যুগ যুগ জিও); সেরা ভিএফএক্স: ব্রহ্মাস্ত্র; সেরা আবহ সংগীত: গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি; সেরা অ্যাকশন: বিক্রম বেদা।