নেটফ্লিক্স তাদের নতুন পরিকল্পনায় যেতে চাচ্ছে। ২০২৪ সালে তারা আবারো প্ল্যানের মূল্য বাড়াচ্ছে। এর মাধ্যমে প্লাটফর্মটি তাদের আয় বাড়ানোর চেষ্টা করছে। ইউবিএস সিকিউরিটিজ জানাচ্ছে, এবার নেটফ্লিক্স টিভি সম্প্রচারের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। মূলত ওটিটিতে টিভি দেখার ক্ষেত্রে দর্শকের আগ্রহ বাড়ার কারণে এদিকে নজর দিয়েছে নেটফ্লিক্স।
ইউবিএসকে নেটফ্লিক্স জানাচ্ছে, ‘আমরা এ বছর প্যাকেজের মূল্য বাড়ানোর দিকে মন দিচ্ছি।’ একটি গবেষণাপত্র থেকে ইউবিএস জানাচ্ছে, এর মাধ্যমে ২০২৪ সালে এ প্লাটফর্মের আয় ১৫ শতাংশ বাড়বে। ২০২৩ সালে এর আয় বেড়েছিল ৭ শতাংশ।
এর আগেও অবশ্য নেটফ্লিক্স প্যাকেজের মূল্য বাড়িয়েছে। গত অক্টোবরে তাদের বেসিক প্ল্যানের মূল্য ৯ দশমিক ৯৯ ডলার থেকে বাড়িয়ে ১১ দশমিক ৯৯ ডলার করা হয়েছে। মাসিক এ প্যাকেজ মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য করা হয়েছে, পাশাপাশি বাড়ানো হয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্সেও। ২০২৪ সালে কী হিসাবে বা কেমন ধরনের মূল্যবৃদ্ধি হবে তা নিয়ে এখনো নেটফ্লিক্স কোনো স্পষ্ট তথ্য দেয়নি।
২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে এসে কোম্পানির কর্তারা উপলব্ধি করেন যে তারা তুলনামূলক কম দামেই গ্রাহকদের নানা প্যাকেজ দিচ্ছেন। এ নিয়ে নেটফ্লিক্সের সহকার্যনির্বাহী গ্রেগ পিটার্স বলেন, ‘আমরা এখনো মূল্য খুব বেশি বাড়াইনি। মূল্যবৃদ্ধির পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে। কেননা অন্যান্য ক্ষেত্রে মূল্যবৃদ্ধি অনেক বেশি হয়েছে। গ্রাহকের সুবিধার দিকটা দেখার চেষ্টা ছিল। এবার নতুন করে ভাবতে হচ্ছে।’
গত দুই বছরে স্ট্রিমিং প্লাটফর্মে বেশকিছু পরিবর্তন এসেছে। বেশকিছু প্লাটফর্ম গ্রাহক হারিয়েছে। আবারা কোনো কোনোটি নতুন করে দাঁড়িয়ে গেছে। নেটফ্লিক্স সেসব নজরে নিয়ে নিজেদের লাভ বাড়ানোর চিন্তা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে। মূল্যবৃদ্ধিতে দর্শক কমলেও তাদের খুব বেশি সমস্যা হবে না।
সূত্র: ভ্যারাইটি










