আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। প্রথম সিনেমায়ই দর্শকের মন জয় করে নিয়েছিলেন। এতে অভিনয়ের আগে নিশো নাটকে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। সুড়ঙ্গ সিনেমায় অভিনয় যেন তার সে জনপ্রিয়তাকে বহুগুণে বাড়িয়ে দেয়। দর্শকের প্রত্যাশাও বেড়ে যায় নিশোর প্রতি। নিশো ভক্তরা অপেক্ষায় থাকতে শুরু করেন নতুন সিনেমার। সে অপেক্ষারই অবসান হতে যাচ্ছে আগামী ঈদে শিহাব শাহীন পরিচালিত দাগি সিনেমা মুক্তির মধ্য দিয়ে। সুড়ঙ্গতে নিশোর বিপরীতে দুর্দান্ত অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জা। যথারীতি দাগি সিনেমায়ও নিশোর সঙ্গে আছেন এ নায়িকা। ‘এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড’ প্রযোজিত দাগি নির্মাণ করেছেন শিহাব শাহীন। সিনেমায় নিশো অভিনয় করেছেন নিশাণ চরিত্রে ও তমা অভিনয় করেছেন জেরিন চরিত্রে। দাগি ঈদে হলে গিয়ে দেখার আহ্বান জানিয়ে আফরান নিশো বলেন, ‘দাগি একটু ডিফারেন্ট আঙ্গিকের গল্প নিয়ে নির্মিত সিনেমা। এটি মূলত সম্পর্কের গল্পের সিনেমা, যেখানে ভালোবাসা আছে, বিচ্ছেদ আছে, অ্যাকশান থ্রিল সবই আছে। একটা কথা আছে, যে একবার জেলে গেছে সে-ই দাগি সারাটা জীবন। এ উপলব্ধির কথা বলা হয়েছে। আমাদের সমাজ ব্যবস্থায় একজন মানুষ যখন জেলে যায়, তাকেই দাগি ভাবা হয়। তো ছোট বড় দাগ আমাদের সবারই আছে। কিন্তু এটা কি সত্যি, যে জেলে যাবে সে সারা জীবন দাগিই থেকে যাবে? নিশাণের এ কথা কি সত্যি? নাকি তার মুক্তি হয়? আমাদের পারিপাশ্বিক যে সম্পর্কগুলো আছে তা আসলে মানুষকে কোথায় নিয়ে যায়? গন্তব্যটা কোথায়? এ দাগিকে একটি রূপক অর্থে আমাদের নিজেদেরই গল্প বলার চেষ্টা করা হয়েছে। পারিবারিক গল্প ও একজন দাগির কিছু বক্তব্য আছে এ সিনেমায়। শিহাব শাহীন ভাই ভীষণ যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করার চেষ্টা করেছেন। দর্শককে ঈদে হলে হলে গিয়ে দাগি দেখার নিমন্ত্রণ রইল।’ তমা মির্জা বলেন, ‘দাগি যে ধরনের গল্পের সিনেমা, এ ধরনের সিনেমা আমি দেখিনি বহু বছর। ঈদে মুক্তি প্রতীক্ষিত সব সিনেমার চেয়ে দাগির গল্প ও উপস্থাপন একেবারেই অন্য রকম। গল্পে আছে প্রেম, ভালোবাসা, বিরহ, অ্যাকশন, সবকিছু।’