সৌদি আরবের জেদ্দায় ১ ডিসেম্বর শুরু হয়েছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। মরুর বুকে এ সিনেমা উৎসবে উপস্থিত হয়ে এর শোভা বাড়াচ্ছেন বলিউড তারকারা। এ আয়োজনে যোগ দিয়েছেন শাহরুখ খান, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, এআর রহমান, সোনম কাপুর, কারিনা কাপুর-সাইফ আলী খান দম্পতিসহ আরো অনেকে। রেড কার্পেটে হেঁটেছেন তারকারা এবং ছড়িয়েছেন আলো।
অনুষ্ঠানে দ্বিতীয় দিনও উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সাইফ আলী খান, কারিনা কাপুরকে দেখা গিয়েছে একসঙ্গে। হলুদ পোশাকে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। সাটিনের গাউনের সঙ্গে ছিল একই রঙের ওভারকোট। মারমেইড স্টাইলের চুলের পাশাপাশি ছিল হীরের অলংকার। হীরের নেকলেসের সঙ্গে সোনম হাজির হয়েছিলেন লাল পোশাকে। পরে অবশ্য তাকেও একটি হলুদ গাউনে দেখা যায়।
সাইফ আলী খান ও কারিনা কাপুর এসেছিলেন একসঙ্গে। সাদা স্যুটের সাইফের সঙ্গে কারিনার পরনে ছিল ঝিলমিলে সোনালি শাড়ি। তাদের বেশির ভাগ সময়ই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
এবারের রেড সি উৎসবে ভারত থেকে বেশ কয়েকজন অতিথিকে আমন্ত্রণ করা হয়েছে। উৎসবের উদ্বোধনে পারফর্ম করেছেন শাহরুখ খান ও কাজল। শাহরুখ ও কাজল অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে দিয়ে রেড সি উৎসবের সূচনা হয়। এর আগে উৎসবের উদ্বোধনে পারফর্ম করেন এ দুই তারকা। অনুষ্ঠানে শাহরুখ খানকে একটি সম্মাননা পুরস্কার দেয়া হয়। সিনেমায় তার অবদানের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।
পুরস্কার গ্রহণ করে শাহরুখ বলেন, ‘ রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এ পুরস্কার পেয়ে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। সৌদি আরবের এ অঞ্চলে আমার ভক্তদের মধ্যে উপস্থিত হয়ে আমি খুবই আনন্দিত। আমি এ অঞ্চলের মেধাবী সিনেমাকর্মীদের সঙ্গে কাজ করার অপেক্ষা করছি এবং আমি তাদের অংশ হতে চাই। সিনেমা আসলে ভিন্ন ভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধ সৃষ্টি করে। সিনেমা আমাদের ভালো লাগে, কেননা তা আমাদের আবেগকে নাড়া দেয়। সিনেমা যেকোনো সংস্কৃতিরই হতে পারে। সাবটাইটেলের জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’
রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হৃতিক রোশন ও রণবীর কাপুরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। রণবীর বলেন, ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়ে আমি সম্মানিত। জেদ্দায় নানা সংস্কৃতির সিনেমার সঙ্গে পরিচিত হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’ উৎসবের প্রথম আসরে অংশ নিয়েছিলেন অক্ষয় কুমার। তিনি বলেন, ‘প্রথম আসরটি ছিল খুবই আন্তরিক। এবার এক বছরের ব্যবধানে উৎসব নতুন কী নিয়ে আসছে তা দেখার বিষয়। এখানে ফিরে এসে বিভিন্ন সিনেমার সঙ্গে ভারতীয় সিনেমাকে নতুন এক মঞ্চে দেখতে পেয়ে আমি আনন্দিত।’
সূত্র: হিন্দুস্তান টাইমস










