ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে তারকাবহুল তিনটি একক ও একটি চার পর্বের ধারাবাহিক নাটক।

ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে নূরুদ্দিন জাহাঙ্গীরের রচনা ও এল রুমা আকতারের প্রযোজনায় নাটক ‘মধুযাত্রা’। অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নওবা, মোহাম্মদ বারী, জিয়াউল হাসান কিসলু, আক্তারি বেগম, ম আ সালাম, উপমা, উর্মি, মিজানুর রহমান, শ্যামলী, ইমরান, গাজি রোকন, ফাহমিদা শারমিনসহ আরো অনেকে। মিনু ও মোহিতের গল্প নিয়ে এগিয়েছে নাটকটি। তাদের পরিচয় থেকে গল্প এগিয়ে যায় প্রেমের দিকে। 

ঈদের দ্বিতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর থাকছে বদরুল আনাম সৌদের রচনা ও আল মামুনের প্রযোজনায় নাটক ‘অবিরাম দেবদাস’। নাটকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, জাকিয়া বারী মম, আহসান হাবিব নাসিম, হিল্লোল সরকার, সাইফুল আলম শামীম। 

নাটকে দেখা যাবে ‘দেবদাস’ দেখার পর দিদার দেবদাসের মতো বেশভুষা ধারণ করে গ্রামের প্রতিটি বাড়িতে পারুকে খুঁজে বেড়ায়। এক বাড়িতে সে ‘পারু’ নামের একটি মেয়ের দেখা পেয়ে তাকেই পারু ভেবে নেয়। শেষমেশ কী হয় দেবদাসের? জানা যাবে নাটকটির শেষে। 

ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে নূরুদ্দিন জাহাঙ্গীরের গল্পে সুজাত শিমুলের রচনা ও মনিরুল হাসানের প্রযোজনায় নাটক ‘প্রায়শ্চিত্ত’। এ নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, নাদিয়া আহমেদ, নূরে আলম নয়ন, শাহেদ শরীফ খান, সামিয়া নাহি, কাজী রাজু, মাসুদ রানা মিঠু, ম. আ. গোলাম, ইকবাল বাবু, সুভাশিষ ভৌমিক, সাথী, আনিসুর রহমান, গাজী রোকন, উত্তম ও সুজাত শিমুল। 

তিনটি একক নাটক ছাড়াও ঈদের আগের দিন থেকে ঈদের দিন এবং এর দ্বিতীয় ও তৃতীয় দিন বিকাল সাড়ে ৫টায় প্রচার হবে রাইসুল ইসলাম অনিকের রচনা ও আল মামুনের প্রযোজনায় ধারাবাহিক নাটক ‘চার মূর্তি’। 

নাটকটিতে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার, সাজু খাদেম, রওনক হাসান ও রুকাইয়া জাহান চমক। নাটকে দেখা যাবে কানে কম শোনার কারণে কবির, মিলন, জোসেফ তাদের কারো প্রেম টেকে না। একপর্যায়ে রোমানা নামে একটি মেয়ের প্রেমে পড়ে কবির। রোমানার বিয়ের প্রস্তাব নিয়ে এ তিন মূর্তি সিলেটে রোমানার বাড়িতে যায়। 

সব মিলিয়ে ঈদ নাটকে বৈচিত্র্য রাখার চেষ্টা করেছে বিটিভি। প্রতিটি নাটকেই রেখেছে দেশসেরা নির্মাতা ও অভিনয়শিল্পীদের।