যুক্তরাষ্ট্রের বৃহত্তম সাংস্কৃতিক উৎসব সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের ৫১তম আসর বসবে আজ। এবারের আয়োজন হতে যাচ্ছে মেক্সিকোয়। এ উৎসবে মনোনীত হয়েছে বাংলাদেশের পাঁচটি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে ফাখরুল আরেফীন খানের ‘জেকে ১৯৭১’, খন্দকার সুমনের ‘সাঁতাও’, খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’, নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ ও উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’।
৫১তম সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা যায় নির্মাতা ফাখরুল আরেফিন খানের জেকে ১৯৭১ চলচ্চিত্রটি আগামী ১৫ অক্টোবর, নির্মাতা খিজির হায়াত খানের ওরা ৭ জন প্রদর্শিত হবে আগামী ১৬ অক্টোবর ও নাজমুস সাকিব আহমেদের প্রিয়াঙ্কা প্রদর্শিত হবে আগামী ১৭ অক্টোবর দুপুর ১২টায়। আগামী ১৮ অক্টোবর প্রদর্শিত হবে উজ্জ্বল কুমারের মৃত্যুঞ্জয়ী ও আগামী ১৯ অক্টোবর নির্মাতা খন্দকার সুমনের সাঁতাও চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বিকাল ৫টায়।
এ নিয়ে সাঁতাও নির্মাতা খন্দকার সুমন বলেন, ‘সার্ভান্টিনো উৎসবটি উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব। এমন একটি মর্যাদাপূর্ণ উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠীর শৈল্পিক চিন্তার মানুষের কাছে আমাদের চলচ্চিত্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। বিষয়টি একই সঙ্গে আনন্দের ও সম্মানের। চলচ্চিত্র সমালোচক, সম্পাদক ও সংগঠক জনাব আহমেদ মুজতবা জামাল শোভন ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জানাই। গত জানুয়ারিতে ২১তম ঢাকা আন্তর্জাতিক উৎসবে এ পাঁচ চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল। তিনি প্রদর্শিত চলচ্চিত্রগুলো হার্ডডিস্ক বন্দি না রেখে প্রতিনিয়ত বিভিন্ন উৎসবে পাঠিয়ে চলচ্চিত্রগুলোর পরিচর্যা করছেন।’
গণঅর্থায়নে নির্মিত সাঁতাও চলচ্চিত্রটি রাশিয়ার ১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। ‘২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র সাঁতাও সিনেমা হলে মুক্তি পেয়েছিল গত ২৭ জানুয়ারি। এরপর গত মার্চ থেকে দেশের বিভিন্ন জেলায় ছবিটির বিকল্প প্রদর্শনী হয়েছে।
অন্যদিকে ‘ওরা ৭ জন’ ও ‘জেকে ১৯৭১’ সিনেমা দুটি চলতি বছরের ৩ মার্চ মুক্তি পায়। দুটি সিনেমাই আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে। ভারতের অন্যতম চলচ্চিত্র উৎসব দাদাসাহেব ফালকের ১৩তম ফিল্ম ফেস্টিভ্যালের আসরে সেরা সিনেমার পুরস্কার পায় খিজির হায়াতের ওরা ৭ জন। উৎসবটি নিয়ে তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অনেক আনন্দের সংবাদ। এখানে আমাদের সিনেমাসহ বাংলাদেশের পাঁচটি সিনেমা যাচ্ছে, যা আমাদের সিনেমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সত্য ঘটনা অবলম্বনে ফাখরুল আরেফীন খান নির্মাণ করেছেন দেশের প্রথম আন্তর্জাতিক সিনেমা জেকে ১৯৭১। ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ অডিয়েন্স পুরস্কার জিতেছে ফাখরুল আরেফীন খান পরিচালিত জেকে ১৯৭১। আন্তর্জাতিক মহলেও প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। জেকে ১৯৭১ এরই মধ্যে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার।
সার্ভান্টিনো উৎসবটি উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব। ১৯৭২ সাল থেকে মেক্সিকোর গুয়ানুহওয়াটো শহরে প্রতি বছর সার্ভান্টিনো উৎসবটি অনুষ্ঠিত হয়। বিখ্যাত স্প্যানিশ উপন্যাস ‘ডন কিহোতে’র লেখক মিগেল ডি সার্ভান্টেস সাভেইদ্রুহের প্রতি শ্রদ্ধা জানাতে উৎসবটির আয়োজন করা হয়। শিল্পকলার সব শাখা এ উৎসবে উদযাপিত হয়। এবারের উৎসবটি চলবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত।










