দীর্ঘ সময় পর বলিউডে ফিরেছেন দেওল পরিবার। অ্যানিমেলে রণবীরের সঙ্গে টেক্কা দিয়ে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন ববি দেওল। এরপর থেকেই ববির চাহিদা তুঙ্গে। এবার শোনা যাচ্ছে, ববি দেওলের ক্যারিয়ার সেরা চলচ্চিত্র ‘সোলজার’-এর সিক্যুয়েল আসতে চলেছে।
আগামী বছরই ‘সোলজার ২’-এর শুটিং শুরু হবে। এমনটাই জানিয়েছেন প্রযোজক রমেশ তুরানি। তবে এতে ববি দেওল থাকছেন কি?
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘সোলজার’। রমেশ ও কুমার তুরানির প্রযোজনায় সে সিনেমা পরিচালনার দায়িত্ব সামলেছিলেন আব্বাস মাস্তান।
রাজ মালহোত্রা ওরফে ভিকি সিনহার চরিত্রে ববির অ্যাকশন প্যাকড রোল দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। সিনেমাটির নায়িকা ছিলেন প্রীতি জিনতা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রাখি গুলজার, ফরিদা জালাল, জনি লিভার, সুরেশ ওবেরয়, দলিপ তাহিল, শরৎ সাক্সেনা ও আশীষ বিদ্যার্থী।
এবার দীর্ঘ ২৬ বছর পর সে সিনেমার রিমেকে কি ববি দেওলকে দেখা যাবে? প্রীতি জিনতা কি আবারো জুটি বাঁধবেন তার সঙ্গে? এ প্রসঙ্গে প্রযোজক রমেশ তুরানি বলেন, আমরা এখনো কলাকুশলী নিয়ে নিশ্চিতভাবে কিছু ভাবিনি। কীভাবে গল্প সাজানো হবে তার ওপর নির্ভর করছে ববি আর প্রীতি এ নতুন সিনেমায় কাজ করবেন কিনা।
তবে আগামী বছরই শুটিং শুরু হবে সে কথা নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছেন প্রযোজক।










