দেশের অন্যতম প্রধান নাট্য সংগঠন লোক নাট্যদল। তাদের সাড়া জাগানো নিরীক্ষাধর্মী প্রযোজনা মৈমনসিংহ গীতিকার আখ্যান ‘সোনাই মাধব’। এটি ২০০তম মঞ্চায়নের মাইলফলক অর্জন করতে যাচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির ২০০তম মঞ্চায়ন হবে।

সোনাই মাধবের ২০০তম মঞ্চায়ন নাটকটির অন্যতম দুই প্রধান অভিনয়শিল্পী ও লোক নাট্যদলের সংগঠক প্রয়াত জাহিদুর রহমান পিপলু ও আসলাম শিহিরের স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে। উল্লেখ্য, জাহিদুর রহমান পিপলু লোক নাট্যদলের অন্যতম প্রধান কাণ্ডারি ও সোনাই মাধব নাটকের গ্রন্থিক, বাঘরাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করতেন। তিনি ১৮ নভেম্বর ২০২৩ সালে মৃত্যুবরণ করেন।

অন্যদিকে আসলাম শিহিরও দলের অন্যতম সিনিয়র সদস্য ছিলেন। তিনি দীর্ঘ সময় সোনাই মাধবের ‘মাধব’ চরিত্রে অভিনয় করেছেন।  তিনিও গত ৩০ জানুয়ারি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান।

২০০তম মঞ্চায়নের আগে সোনাই মাধব নাটকে এ-যাবৎ যারা অভিনয় করেছেন বা কারিগরি বিষয়ে যুক্ত ছিলেন সবাইকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব খলিল আহমদ এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ। এছাড়া নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তি ও নাট্যকর্মীরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, বাংলা ১৪০০ সালকে বরণ করা উপলক্ষে ১৯৯৩ সালের ১৪ এপ্রিল প্রথম প্রযোজনাটি মঞ্চে আসে। দীর্ঘদিন ধরে নাটকটি মঞ্চস্থ হয়ে আসছে এবং দেশ-বিদেশে নিরীক্ষাধর্মী প্রযোজনা হিসেবে ব্যাপক প্রশংসিত হয়েছে। ২০০৮ সালের ২১ নভেম্বর এ নাটকের ১০০তম এবং ২৬ সেপ্টেম্বর ২০১৪ সালে ১৫০তম মঞ্চায়ন হয়েছে। লোক নাট্যদল সোনাই মাধব প্রযোজনায় এ দেশের হাজার বছরের ঐতিহ্যবাহী যাত্রাপালা ও পদাবলি কীর্তনের সংমিশ্রণে একটি নিরীক্ষাধর্মী আঙ্গিকের প্রয়োগ করেছে, যা আমাদের লোকজ ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইউজিন গোমেজ, জাহিদ চৌধুরী, আনোয়ার কায়সার, হাফিজুর রহমান, তৌহিদুল ইসলাম, প্রদীপ সরকার, পিনাকী রঞ্জন সরকার, সায়িক সিদ্দিকী, নূরুল ইসলাম খান রতন, বাসুদেব হালদার, মনিলাল হালদার, মিনহাজুল হুদা দীপ, মোজাম্মেল হক পাপন, আবদুল আউয়াল, সাদেকুল ইসলাম, সুধাংশু নাথ, মোজাক্কির আলম রাফানসহ আরো অনেকে।