আবারো খবরের শিরোনাম হলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তবে এবারের কারণটা একটু ভিন্ন। গনেশ চতুর্থীতে নিজের জন্য মার্সিডিজ-মেইবাক জিএলএস-৬০০ এসইউভি মডেলের বিলাসবহুল গাড়ি কিনেছেন তিনি। যার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি রুপি। 

সম্প্রতি গাড়ির সঙ্গে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, গোলাপি পোশাকে নতুন কেনা গাড়ির পাশে দাঁড়িয়ে বেশ হাসিমুখেই ফ্রেমবন্দি হয়েছেন এ অভিনেত্রী। তার গাড়ির রং প্যালাডিয়াম সিলভার। গাড়িটির বিশেষত্ব হলো এতে লাউঞ্জ-স্টাইলের আসন, একটি প্যানোরামিক সানরুফ, একটি বার্মেস্টার সাউন্ড সিস্টেম, একটি ভার্চুয়াল সহকারী ও একটি ছোট রেফ্রিজারেটরও আছে। 

তাপসী পান্নু ছাড়াও বলিউডে আয়ুষ্মান খুরানা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কৃতি স্যানন, অজয় ​​দেবগন, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, শিল্পা শেঠি, রাম চরনের মতো তারকাদের এসইউভি গাড়ি আছে। 

সামনে তাপসী পান্নুকে দেখা যাবে ‘ডাঙ্কি’ সিনেমায়। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন শাহরুখ খান। সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানী । 

এছাড়া চলতি বছরের শেষের দিকে তাপসী অভিনীত ‘‌হাসিন দিলরুবা’র সিকুয়াল, ‘‌ফির আয়ি হাসিন দিলরুবা’ মুক্তি পাবে। এ সিনেমায় তাপসী পান্নুর বিপরীতে দেখা যাবে অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে। সিনেমাটি পরিচালনা করছেন আনন্দ এল রাই।

২০১০ সালে কে রাঘবেন্দ্র রায় পরিচালিত ‘ঝুম্মন্দি নাদাম’ রোমান্টিক মিউজিক্যাল সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক হয় তাপসী পান্নুর। পরবর্তী তামিল সিনেমা ‘আদুকালাম’-এ কাজ করেন তিনি, যেখানে তার বিপরীতে ছিলেন দক্ষিণী জনপ্রিয় অভিনেতা ধানুশ। এরপর একের পর এক কাজ করে তাপসী পান্নু উপহার দিয়েছেন একাধিক বক্স অফিস হিট সিনেমা।

সূত্র: বলিউড হাঙ্গামা