দীর্ঘ নয় বছর পর মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানের সিনেমা ‘হডসনের বন্দুক’। প্রশান্ত অধিকারী পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ২ ডিসেম্বর। ২০১৩ সালে এর নির্মাণকাজ শুরু হয়ে নানা কারণে থমকে থাকে। পরে ধীরে ধীরে সিনেমার বাকি কাজ শেষ করা হয়। দেশের জনপ্রিয় লেখক সৈয়দ শামসুল হকের গল্প অবলম্বনে নির্মিত এ সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও লুৎফর রহমান জর্জ। সিনেমার চিত্রনাট্য লিখেছেন প্রশান্ত অধিকারী ও রিয়েল আকঞ্জি, চিত্রগ্রাহক মোহাম্মদ আরিফুজ্জামান ও সাহিল রনি।

এ নিয়ে প্রশান্ত অধিকারী বলেন, ‘হডসনের বন্দুক’ আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। চেষ্টা করেছি মানসম্মত একটি সিনেমা নির্মাণের। এটি মুক্তির তারিখ ঘোষণা করতে পেরে আমার খুব ভালো লাগছে। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি, আপনাদের ভালো লাগবে।’

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের এ উপন্যাসে উঠে এসেছে বর্তমান ও অতীতের নানা বিষয়। ইতিহাসের সঙ্গে যোগ থাকা গোয়েন্দা আবহের গল্পে নির্মিত এ সিনেমায় তিনটি গান ব্যবহার হয়েছে।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাজিদ শিখালিভ, এসএম মহসিন, কাজী উজ্জ্বল, অর্নব অন্তুসহ আরো অনেকে। বুধবার প্রকাশ হয়েছে এর ১ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলার।