আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবির ব্যর্থতা সাম্প্রতিক বছরে শাহরুখ খানকে সবচেয়ে বেশি ভুগিয়েছে। এরপর লম্বা সময় নিজেকে পর্দা থেকে সরিয়ে রাখেন কিং খান। এমন ব্যর্থতা সত্ত্বেও শাহরুখকে ম্যাজিশিয়ান বা জাদুকর বলে মনে করেন প্রযোজক-পরিচালক আনন্দ এল রাই। আরো জানান, হিট-ফ্লপের কারণে কারো সঙ্গে সম্পর্কের উঠা-নামায় যান না শাহরুখ। খবর হিন্দুস্তান টাইমস।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শাহরুখের সম্পর্কের প্রসঙ্গে কথা বলেছেন আনন্দ এল রাই। তার মতে, শাহরুখ একজন সত্যিকারের যোদ্ধা। ‘জিরো’ বক্স অফিসে না চললেও সেটি তাদের সম্পর্ককে প্রভাবিত করেনি।
এ নির্মাতা বলেন, ‘শাহরুখের মতো অভিনেতা, মানুষ ও তারকার সঙ্গে কখনই মনোমালিন্য হয়নি। তিনি শুধু ছবি নিয়েই ভাবেন বা থাকেন; সেটা নয়। উনি এর চেয়ে অনেক বেশি কিছু। জিরো বানানোর সময়টা আমার জীবনের সেরা সময়। শাহরুখের সঙ্গে সময় কেটেছিল। আর তখন সময়টা খালি ছবি বানানোর ছিল না। জীবনকে বোঝারও ছিল।’
‘তনু ওয়েডস মনু’ সিনেমার এ পরিচালক আরো বলেন, ‘শাহরুখ একজন ম্যাজিশিয়ান। উনি জানেন কীভাবে ফিরে আসতে হয়। নিজের পথ কী করে তৈরি করতে হয়। তার সঙ্গে আমার সমীকরণ মোটেই বদলায়নি। হিট ফ্লপ দেখে শাহরুখ কারো সঙ্গে সম্পর্ক খারাপ করে না।’
গত বছর ‘পাঠান’ ও ‘জাওয়ান’ দুই-দুটি ব্লকবাস্টার উপহার দিয়ে বলিউডে কামব্যাক করেছেন শাহরুখ খান। সামনে দেখা যাবে ‘কিং’ ছবিতে। সুজয় ঘোষ পরিচালিত এ ছবিতে অন্যতম ভূমিকায় থাকবেন শাহরুখের মেয়ে সুহানা খান।










