তেলেঙ্গানা সরকার গত শনিবার অভিনেতা নাগার্জুনের একটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। মাধাপুরে ছিল নাগার্জুনের মালিকানার এন কনভেনশন সেন্টার। পুরো শেয়ার নাগার্জুনের না হলেও এটি তার নামেই পরিচিত। এর বিরুদ্ধে জলাশয়ের ক্ষতি করার অভিযোগ রয়েছে। তার কনভেনশন সেন্টারটি ভাঙার আদেশের ওপর স্টে অর্ডার চেয়ে নাগার্জুন তেলেঙ্গানা হাইকোর্টের কাছে একটি আবেদন করেছিলেন। তিনি জানান, ভুল তথ্য ও অভিযোগের ওপর ভিত্তি করে স্থাপনাটি ভাঙার নির্দেশ জারি করা হয়েছে।
নিজের এক্স হ্যান্ডলে করা পোস্টে নাগার্জুন লেখেন, ‘কোনো রকম নিয়ম ভেঙে কাজটি করা হয়নি। আমরা সব রকম শর্ত মেনেই ভবনটি নির্মাণ করেছি। ভুল তথ্যের ভিত্তিতে এটি ভাঙা হয়েছে।’
এদিকে হায়দরাবাদ ডিজাস্টার রেসপন্স অ্যান্ড অ্যাসেট প্রটেকশন এজেন্সি জানায়, নাগার্জুনের কনভেনশন সেন্টারটি নির্মাণ হয়েছে জলাশয় ভরাট করে। পাশাপাশি এটি অন্যান্য জলাশয় ও পানি নিষ্কাশনের জন্য বাধা হিসেবে দাঁড়াচ্ছে। তাদের বিবৃতিতে বলা হয়, ‘নিয়মতান্ত্রিকভাবে সব ধরনের তদন্ত করে বেআইনি স্থাপনা ভাঙার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে বিকালে এ আদেশের ওপর তেলেঙ্গানা হাইকোর্ট একটি স্থগিতাদেশ দেয়।’
এন কনভেনশন সেন্টার কেবল নয়, তেলেঙ্গানার আরো অনেক স্থাপনা নিয়েই নানা রকম অভিযোগ আছে। সেসব বিবেচনায় নিয়েই বেআইনি স্থাপনা ভাঙার বিষয়ে সিদ্ধান্ত হয়। তেলেঙ্গানা ও হায়দরাবাদে বেশকিছু জলাশয় আছে, যা নদীর পানি পরিবহন করে। এগুলোকে ‘ফুল ট্যাংক লেভেল’ বলা হয়। অভিযোগ হলো, এমনই এক ফুল ট্যাংক লেভেল ও বাফার জোনে নির্মাণ করা হয়েছে এন কনভেনশন সেন্টার। হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এ নিয়ে অনেক দিন ধরেই কথা বলে যাচ্ছে ও সতর্ক করছে।
সূত্র: ন্যাশনাল হেরাল্ড ইন্ডিয়া










