কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন নানা কাজই করছে। কিন্তু কেউ কেউ তা ব্যবহার করছে অসৎ উদ্দেশ্যে। এআই দিয়ে তৈরি হচ্ছে নানা ভিডিও। ডিপফেক নামে পরিচিত এসব ভিডিওতে একজনের চেহারার ওপর আরেকজনের চেহারা বসানো যায়। এ নিয়ে সরব হয়েছেন অমিতাভ বচ্চন। তিনি চান ডিপফেক নিয়ে যেন বিশেষ আইন করা হয়। সম্প্রতি অভিনেত্রী রাশমিকা মানদানার একটি ভিডিও তৈরি করে প্রচার করা হচ্ছে। সেটি নিয়েই অমিতাভ এ কথা বলেছেন।

রাশমিকা লিফটে ঢুকছেন এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। কিন্তু খেয়াল করে দেখলে বোঝা যায় তিনি রাশমিকা নন। অন্য কারো ওপর বসানো হয়েছে রাশমিকার চেহারা। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। অমিতাভ তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘‌এ নিয়ে একটি মামলা হওয়া উচিত।’

রাশমিকার এটিই প্রথম ডিপফেক ভিডিও নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অনেক ভিডিও পাওয়া যায়। কেবল রাশমিকা নন, আরো অনেকের চেহারাই বসানো হয়। সেসব নিয়ে সরব হওয়ার সময় হয়েছে বলে মনে করেন অভিনেতারা।

কেবল বলিউড নয়, হলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীকে নিয়েও অসাধুরা এ ধরনের কাজ করছে। কয়েক মাস আগে টম হ্যাংসের চেহারা বসিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছিল। এতে আবার অভিনেতাকে একটি ডেন্টাল কেয়ার সম্পর্কে প্রচারণা করতে দেখা যায়। পরে টম নিজে এর বিরুদ্ধে পোস্ট করে জানিয়েছিলেন।

সূত্র ও ছবি: হিন্দুস্তান টাইমস