দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার!
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত?
কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার!
কাজী নজরুল ইসলামের এ কবিতা সবারই পরিচিত। নানা সময় কবিতা থেকে গানও গেয়েছেন অনেকে। এবার গাইলেন পান্থ কানাই, অনিমেষ রায় ও সৈয়দ সুজন।
বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে দক্ষিণ এশিয়াজুড়ে এখন অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ চলছে। কাজী নজরুল ইসলামের যে গানগুলো বিদ্রোহ বিক্ষোভে সবচেয়ে বেশি উচ্চারিত হয় তার মধ্যে এ গানই সবার ওপরে। এ বছর ২৭ আগস্ট কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল আরটিভি মিউজিকের ব্যানারে এসেছে দুর্গম গিরি কান্তার মরু। নিতাই ঘটকের সুরে গানটির মিউজিক করেছেন সৈয়দ সুজন। মিউজিক ভিডিও আকারে নির্মাণ করেছেন নুর হোসেন হীরা ।
গানটির নির্মাণ সম্পর্কে নুর হোসেন হীরা বলেন, ‘জুলাইয়ের মাঝামাঝি থেকে ছাত্র-জনতার যে ত্যাগ ও প্রতিরোধ দেখেছি, সেখান থেকেই এ গান নির্মাণের চিন্তা মাথায় ঘুরছিল। পাশাপাশি দেশজুড়ে হঠাৎ বন্যায় লাখ লাখ মানুষ যেভাবে প্রতিকুল পরিস্থিতিতে পড়েছে এবং তাদের উদ্ধার করতে অন্যরা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে এসেছে, সেই সামগ্রিকতাও আমার এ গান নির্মাণ করতে প্রেরণা জুগিয়েছে। পান্থ কানাইসহ সবাই অসাধারণ পারফর্ম করেছেন। আশা করি সবাই উপভোগ করবেন।










