বিশ্ব সংস্কৃতির একটি বড় অংশজুড়ে আছে শিল্পীর হাতে আঁকা ছবি। রঙ-তুলির ছোঁয়ায় জীবনের নানা অংশ তুলে আনেন চিত্রশিল্পীরা। তবে কেবল রঙ-তুলি নয়, আগুনের তাপ ব্যবহার করে কাগজ পুড়িয়েও ছবি আঁকা হয়। ছবি আঁকার এ পদ্ধতি হিট কনভেনশনাল থিওরি নামেই পরিচিত। বর্তমান সময়ে বিশ্বের অনেক জনপ্রিয় শিল্পীই এ পদ্ধতিতে ছবি আঁকেন। বাংলাদেশের চিত্রশিল্পী রেজাউল হক তার অনেক ছবি এঁকেছেন এভাবে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গালারিতে চলছে শিল্পী রেজাউল হকের তৃতীয় একক চিত্রকর্ম প্রদর্শনী ‘লিভিং অন দ্য এজ’। হিট কনভেনশনাল থিওরি ব্যবহার করে আঁকা ছবি প্রদর্শিত হচ্ছে এ প্রদর্শনীতে।
গত শুক্রবার হয়েছে প্রদর্শনীটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী মোহাম্মদ ইউনুস ও বীরেন শোম।
রেজাউল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেন ১৯৯৩ সালে। শিল্পী তার কৌশল ও বিষয়ভিত্তিক কাজের ওপর ভিত্তি করে অসংখ্য পুরস্কার পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ইউরোপভিত্তিক সমসাময়িক আর্ট কিউরেটর ম্যাগাজিনের ফেসেস অব দ্য পিস আর্ট প্রাইজ অ্যাওয়ার্ড ২০২২। প্রদর্শনীটি নিয়ে শিল্পী জানান, এতে শিল্পীর নিজের আবিষ্কৃত কৌশল হিট কনভেনশন থিওরি প্রয়োগ করে করা হয়েছে। বিশেষ পদ্ধতিতে তাপে কাগজ পুড়িয়ে করা হয় এ হিট কনভেনশন থিওরি। হিট কনভেনশন থিওরি ব্যবহার করা ৪০টি কাজের পাশাপাশি চারকোল, মিশ্রমাধ্যম, ড্রইংসহ প্রায় ৪০টি শিল্পকর্ম প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীটি নিয়ে বিস্তারিত জানতে চাইলে আলিয়ঁস ফ্রঁসেজের পক্ষ থেকে জানানো হয়, শিল্পী রেজাউল হকের চিত্রগুলো মূলত দৈনন্দিন জীবনে মানুষের আবেগ ও অসাম্যের বহিঃপ্রকাশ। এ প্রদর্শনীতে তার আঁকা ছবিগুলো মানুষ ও তাদের জীবন-সংগ্রাম শোষণ, অধিকার, বৈষম্য, আশা ও জীবনের বিভিন্ন গভীর উপলব্ধি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।










