গ্রেটা গেরউইগের বারবি মুক্তির চতুর্থ সপ্তাহ চলছে। সিনেমাটি এরই মধ্যে ১২০ কোটি ডলারের বেশি আয় করেছে। কোনো কোনো সূত্রের মতে, বারবির মোট আয় ১৩০ কোটির কাছাকাছি। শুরু থেকেই সিনেমাটি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেছে। ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমারের মতো বড় সিনেমাকে টেক্কা দিয়েছে বারবি। পাশাপাশি নারী পরিচালকের সিনেমা ১০০ কোটি ডলার আয় করার রেকর্ডও বিরল। সিনেমাটির মধ্য দিয়ে নারী পরিচালক, অভিনেতা ও নারীকেন্দ্রিক গল্প নতুন করে সামনে এসেছে। এত সবের মধ্যে চতুর্থ সপ্তাহেও আয়ের ঘোড়া ছুটিয়ে চলেছে বারবি। এ সপ্তাহে সিনেমাটি আয় করেছে ৩ কোটি ৩৭ লাখ ডলার। এর মাধ্যমে সিনেমার মোট ডমেস্টিক আয় দাঁড়িয়েছে ৫২ কোটি ৬০ লাখ ডলার।
উত্তর আমেরিকার বক্স অফিসে বারবি তার নিজম্ব ধারা বজায় রাখছে। এর অন্যতম কারণ বারবির সঙ্গে প্রতিযোগিতা করার মতো সিনেমা মুক্তি পায়নি। এ সপ্তাহে মুক্তি পাওয়া দ্য লাস্ট ভয়েজ অব দ্য ডিমিটার। সিনেমাটি ব্রাম স্টোকারের ড্রাকুলা থেকে অনুপ্রেরণা নিয়ে নির্মিত। সিনেমাটি আয় করেছে মাত্র ৬৫ লাখ ডলার। ওপেনহাইমার নিজের জায়গা ধরে রেখেছে, তবে এর আয় বারবির অর্ধেকের মতো। সিনেমাটি এ সপ্তাহে আয় করেছে ১ কোটি ৮৮ লাখ ডলার। উত্তর আমেরিকায় ওপেনহাইমারের মোট আয় এখন ২৬ কোটি ৪৩ লাখ ডলার। দুটো সিনেমার তুলনা করা যায় না, কারণ সিনেমা ভিন্নধর্মী। তবে তুলনা আসছে একই দিনে মুক্তি পাওয়ার কারণে।
বক্স অফিসে প্যারামাউন্ট পিকচার্সের ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টেলস: মিউট্যান্ট মাইহেম’ আছে তৃতীয় অবস্থানে। এটি আয় করেছে ১ কোটি ৫৭ লাখ ডলার। ‘মেগ টু: দ্য ট্রেঞ্চ’ মুক্তি পেয়েছে ৪ আগস্ট। সিনেমাটি ৩ কোটি ডলার দিয়ে যাত্রা করলেও দ্বিতীয় সপ্তাহে আয় ৬০ শতাংশ কমে ১ কোটি ২৭ লাখে নেমেছে। সব দিক দিয়েই এগিয়ে থাকছে বারবি। ধারণা করা হচ্ছে, পরের সপ্তাহেও তালিকার শীর্ষে থাকবে সিনেমাটি।
সূত্র: ভ্যারাইটি










