বলিউডের প্রবীণ পরিচালকদের মধ্যে শেখর কাপুর পরিচিত নাম। ১৯৮৩ সালে তার অভিষেক হয়েছিল ‘‌মাসুম’ সিনেমার মধ্য দিয়ে। এর গল্প লিখেছিলেন গুলযার। তবে গল্পটি তিনি তৈরি করেছিলেন ১৯৮০ সালে প্রকাশিত এরিক সেগালের ‘‌ম্যান উইম্যান অ্যান্ড চাইল্ড’ অনুসরণে। সিনেমায় অভিনয় করেছিলেন নাসিরউদ্দিন শাহ, শাবানা আজমী, যুগল হংসরাজ, সুপ্রিয়া পাঠক, সাঈদ জাফরী ও উর্মিলা মাতন্ডকর। সিনেমার গল্পে এক সুখী দম্পতিকে (দেবেন্দ্র ও ইন্দু) দেখা যায়, যারা দুই কন্যার পিতামাতা। এর মধ্যে একটি ছেলে এসে পড়ে যে কিনা দেবেন্দ্রর (নাসিরউদ্দিন শাহ) পুরনো সম্পর্কের সূত্র। ফলে ইন্দুর (শাবানা আজমী) সঙ্গে দেবেন্দ্রর সম্পর্ক ভঙ্গুর হয়ে ওঠে। এ গল্পেরই সিকুয়াল করতে চান শেখর কাপুর, যেখানে বর্তমান সময়ের গল্প বলা হবে।

শেখর কাপুর জানিয়েছেন ‘‌মাসুম... দ্য নিউ জেনারেশন’ নামে সিকুয়ালটি তৈরি করবেন। সিনেমার মূল বিষয় ‘‌একটি ঘর’ বা ‘‌গৃহ’, যা পরিবার নিয়ে তৈরি হয়। এ নিয়ে ভ্যারাইটির সঙ্গে কথা বলেছেন শেখর। তিনি বলেন, ‘‌আমার শেষ সিনেমাটি যদি দেখেন সেখানে যৌথ পরিবারের কথা আছে। পৃথিবীতে বহুদিন তা ছিল। শুধু ভারত না পুরো দক্ষিণ এশিয়ায়ই ছিল। কিন্তু এরপর ভাঙতে শুরু করে। ছেলেমেয়েরা নিজেদের কাজের জন্য বাড়ি থেকে সরে যেতে থাকে। পড়াশোনার জন্য যায় আর ফিরে আসে না।’

তাহলে কি শেখর কাপুর এ ভাঙাগড়া নিয়েই সিনেমা নির্মাণ করছেন? সে প্রশ্নের সরাসরি উত্তর দেয়ার আগে শেখর কাপুর বলেন, ‘‌এখন ঘরবাড়ির কথা বললে সবাই সেটাকে সম্পত্তি অর্থে নেয়। চিন্তা করে ওই সম্পত্তির দাম কত। ঘর বলতে আমরা যা বুঝতাম, সেখান থেকে ঘর শব্দটা এর বিয়েল এস্টেট মূল্যমানের দিকে চলে গেছে। কিন্তু একটা সময় ঘর মানে ছিল আপনজন, ঘর মানে ছিল স্মৃতি। তাই আমি ঘরের সেই পুরনো ধারণাটিকে আবার নিয়ে আসতে চাই।’

মাসুম নির্মাণের আগে শেখর কাপুরের অভিষেক হয় একজন অভিনেতা হিসেবে। তিনি ১৯৭৪ সালে ‘‌ইশক ইশক ইশক’ সিনেমায় অভিনয় করেছিলেন। তার সিনেমার বিষয় বৈচিত্র্যময়। মাসুমের মতো সিনেমার চার বছর পর তিনি নির্মাণ করেছিলেন মিস্টার ইন্ডিয়া। দুই বছর পর যোশিলে। এর পাঁচ বছর পর ব্যান্ডিট কুইন। ১৯৯৮ সাল থেকে তিনি ইংরেজি ভাষায় সিনেমা নির্মাণ শুরু করেন এবং শেষ সিনেমাটিও ইংরেজি ভাষাতেই ছিল। তাহলে আবার নতুন করে হিন্দিতে ফিরতে চান শেখর?

শেখর কাপুর বলেন, ‘‌আমার ইচ্ছা ছিল এমন একটা সিনেমা তৈরি করি, যেন আমি আবার নতুন করে শুরু করছি। মাসুম যখন করেছিলাম তখন আমি নতুন ছিলাম। এখন পেছনে ফিরে তাকালে মনে হয় আমি মানবিক গল্প বলতাম। সে গল্পগুলো আবার বলা দরকার। একটা খুব সাধারণ গল্পও অসাধারণ হয়ে উঠতে পারে। সে জায়গা থেকেই সিনেমাটি আমি নির্মাণ করতে চাই।’

শেখর কাপুর মাসুমের সিকুয়াল নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছেন। সিনেমাটি প্রযোজনাও করবেন তিনি। দ্রুতই মূল কাজ শুরু করতে চান ৭৭ বছর বয়সী এ নির্মাতা।

সূত্র: ভ্যারাইটি