স্বস্তিতে নেই বলিউডের ভাইজান সালমান খান। এক বছর ধরে ঝুলে আছে তার ছবি রাধে। অবশেষে এবার ঈদে হাইব্রিড সংস্করণে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। প্রকাশিত হয়েছে ছবির ট্রেলার। কিন্তু তার পরই বেধেছে গোলমাল। ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই বিতর্কে সালমান খানের ‘রাধে’। টুইটারে ছবিটি বয়কটের ডাক দিয়েছেন সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা। ভারতে টুইটারে এখন ট্রেন্ডিং ‘বয়কট রাধে’
হ্যাশট্যাগ। উল্লেখ্য, গত বছর ১৪ জুন প্রয়াত হন বলিউডের তরুণ তারকা সুশান্ত সিং রাজপুত।
আগামী ১৩ মে ‘হাইব্রিড রিলিজ’
হবে ‘রাধে’র। সিনেমা হলের দর্শকদের পাশাপাশি ‘জি প্লেক্স’
ও ‘জি ফাইভ’
ওয়েব প্লাটফর্মেও দেখা যাবে ছবিটি। তার আগে ২২ এপ্রিল বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় ছবির ট্রেলার প্রকাশ করেন সালমান খান। গতকাল বিকাল পর্যন্ত ইউটিউবে ২ কোটি ৩৮ লাখ মানুষ ইউটিউবে ট্রেলারটি দেখে ফেলেছে। প্রায় ৭০ হাজার মানুষ ট্রেলারে ডিজলাইক দিয়েছে। এটা জি স্টুডিওর ইউটিউব চ্যানেলের হিসাব। সালমান খান ফিল্মসের চ্যানেলে ডিজলাইক ৭৪ হাজারের বেশি।
ভারতে নেট দুনিয়ায় ‘রাধে’
সিনেমার বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে। কেউ লিখেছেন, ‘সালমান খান অন্যের ক্যারিয়ার নষ্ট করার জন্য কুখ্যাত এবং সুশান্তর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অরিজিৎ সিং, বিবেক ওবেরয়, অভিনব কাশ্যপের ক্যারিয়ারও শেষ করার চেষ্টা করেছেন সালমান।’
কেউ আবার বলিউডের ‘মাফিয়া’-দের শিক্ষা দিতে ‘রাধে’
বয়কটের ডাক দিয়েছেন। এমন সব কথাবার্তা নিয়ে অনেক টুইট করা হয়েছে ‘রাধে’র বিরুদ্ধে।
অবশ্য এ বিষয়ে সালমান খান বা তার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখানো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়া হয়নি। প্রভু দেবা পরিচালিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সালমান। তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন দিশা পাটানি। ভিলেনের চরিত্রে দেখা যাবে রণদীপ হুদাকে। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যাকি শ্রফ, গৌতম গুলাটি, দর্শন জারিওয়ালা। ছবির একটি গানে পারফর্ম করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ।
সূত্র: পিংকভিলা










