এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে তার সম্পর্ক বন্ধুসুলভ। মুরাদ যখন সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন, তখন দীপা খন্দকার জনপ্রিয়তার শীর্ষে। টানা নাটকের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন দীপা। সেই তখন থেকেই মুরাদ পারভেজের সঙ্গে দীপা খন্দকারের সম্পর্কটা বন্ধুত্বের। কিন্তু কখনই দীপার মুরাদ পারভেজের নির্দেশনায় কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। অবশেষে বহু বছর পর হলেও দীপা খন্দকার মুরাদ পারভেজের পরিচালনায় একটি খণ্ড নাটকের কাজ করেছেন। নাটকের নাম ‘শেষের গল্প’।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে আরো অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন ও রিফাত জাহানসহ আরো বেশ কয়েকজন।

মুরাদ পারভেজ বলেন, ‘দীপার সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের। কিন্তু কেন যেন এতদিন কাজ করা হয়ে ওঠেনি। অবশেষে আমাদের একসঙ্গে কাজ করা হলো। নিঃসন্দেহে দীপা একজন গুণী অভিনেত্রী। প্রথমবার একসঙ্গে কাজ করে ভালো লাগল।’ দীপা খন্দকার বলেন, ‘শেষের গল্প নাটকটা চমৎকার। নাটকটির মূল মেসেজ যদি বলতে হয় তাহলে বলা যায় যে মানুষ তার জীবন চলার শেষে এসেও নতুন করে শুরু করতে পারে। এভাবেও জীবনের শেষ পর্যায়ে এসে সফলতা আসতে পারে। এ নাটকে আমি মালিহা চরিত্রে অভিনয় করেছি। মুরাদের সঙ্গে এর আগে আমার কখনো কাজ করা হয়নি। এবারই প্রথম তার নির্দেশনায় কাজ করা হলো। ভীষণ পরিপাটি আর গোছানো ইউনিট। আমার ভীষণ ভালো লেগেছে কাজ করে। এছাড়া সহশিল্পী হিসেবে যারা ছিলেন, যেমন শোভন ভাই, রিফাত—সবাই ভীষণ আন্তরিক। যে কারণে কাজটিও চমৎকার হয়েছে। আমি আশাবাদী কাজটি নিয়ে। দর্শকের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে নাটকটি প্রচারে এলে যেন তারা নাটকটি দেখেন।’